নতুন বোলিং অ্যাকশনে নিজেকে মানিয়ে নিয়ে আগের মতো আত্মবিশ্বাসী হয়ে উঠতে আরো সময় লাগবে বলে জানিয়েছেন পাকিস্তানী স্পিনার সাঈদ আজমল।

সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রচণ্ড তাপের মধ্যে দলের সঙ্গে অনুশীলন শেষে নিজের সম্পর্কে এমন কথা জানালেন তিনি।

দীর্ঘ দিন বোলিংয়ে নিষিদ্ধ থাকার পর পরিবর্তিত বোলিং অ্যাকশনে দলে ফিরেছেন পাকিস্তানি স্পিনার সাঈদ আজমল। কিন্তু আগের মতো দাপট দেখাতে পারছেন না তিনি।

বাংলাদেশের বিপক্ষে চলতি সফরে দুটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন আজমল। এতে ২২.৩ ওভার বল করে মাত্র একটি উইকেট শিকার করতে পেরেছেন।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে দল থেকে বাদ পড়া আজমল খুলনা টেস্টেও দলের বাইরে ছিলেন।

ক্রিকইনফোকে আজমল বলেন, "গত আট মাস আমার জন্য কঠিন সময় ছিল এবং আমি জানতাম সামনে এগিয়ে যাওয়া আমার জন্য কঠিন হবে।"

তিনি আরো বলেন, "এখানে আসার আগে আমি বলেছিলাম যে আমার সময় লাগবে। আমি হতাশ কারণ জাতির প্রত্যাশা পূরণ করতে আমি সামর্থ্য না। কিন্তু আমি অধিনায়ক ও কোচের সঙ্গে কথা বলেছি এবং তাদেরও আমাকে নিয়ে পরিকল্পনা আছে। আমার আত্মবিশ্বাস ফিরে পেতে সময় লাগবে। এটা রাতারাতি হয়ে যাবে না।"

খ্যাতি নয়, যোগ্যতা দিয়ে খেলার ইঙ্গিত দিয়ে আজমল বলেন, "আমি খ্যাতি দিয়ে ক্রিকেট খেলতে চাই না। অতীতের মতো আত্মবিশ্বাস ও মাথা উঁচু করে খেলতে চাই।"

জেডআই