নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ফলো-অন এড়াতে পারেনি শ্রীলঙ্কা।
শনিবার টেস্টের দ্বিতীয় দিনে কিউইদের ৪৪১ রানের জবাবে মাত্র ১৩৮ রানেই অল আউট হয়ে যায় সফরকারীরা। এতে ফলোঅনে পড়তে হয় অ্যাঞ্জেলো ম্যাথুসদের। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৮৪ রান সংগ্রহ করেছে তারা।
ক্রাস্টচার্চের হ্যাগলে ওভালে প্রথম দিনে ব্রেন্ডন ম্যাককালামের ১৯৫ রানের ঝড়ো ইনিংসে সাত উইকেটে মাত্র ৪২৯ রান করেছিল নিউজিল্যান্ড।
শনিবার আর মাত্র ১২ রান সংগ্রহ করেই নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। এতে তাদের সর্বমোট স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ৪৪১ রান।
জবাবে মাত্র ১৫ রানে তিন উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর কোনো ব্যাটসম্যানই ব্লাক ক্যাপস বোলারদেরকে রুখে দাঁড়াতে পারেনি। ফলে ১৩৮ রানেই লঙ্কানদের ইনিংস গুটিয়ে যায়। দলের পক্ষে অধিনায়ক ম্যাথুসের ৫০ রানই সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।
নিউজিল্যান্ডের বোলার ট্রেন্ট বোল্ট ও নীল ওয়েগনার তিনটি করে উইকেট পান। আর দুটি করে উইকেট নেন টিম সাউদি ও জেমস নীশাম।
তবে দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ৮৪ রান করে এদিনের খেলা শেষ করেছে শ্রীলঙ্কা। ৪৯ রান নিয়ে করুনারত্নে ও ৩৩ রান নিয়ে কৌসল সিলভা অপরাজিত আছেন।
জেডআই





