উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের আজকের খেলায় মাঠে নামছে বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত ১২টায় বার্সা মুখোমুখি হবে ফরাসি জায়ান্ট পিএসজি'র (প্যারিস সেইন্ট জার্মেই)। বিভিন্ন লিগের সেরা দলগুলো নিয়ে আয়োজন করা হয় মর্যাদাকর টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়নস লিগ।
এই লিগের গ্রুপপর্বের খেলা ইতিমধ্যে মাঠে গড়িয়েছে। ৩২টি দল আটটি গ্রুপে ভাগ হয়ে লড়াই করছে শেষ ষোলোতে যাওয়ার। আজ ৩২টি দলের ১৬টি দল একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে। তার মধ্যে হাইভোল্টেজ ম্যাচের মর্যাদা পাচ্ছে বার্সেলোনা-পিএসজি'র খেলাটি। এ ছাড়া ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে এএস রোমার। বায়ার্ন মিউনিখ মাঠে নামবে সিএসকে মস্কোর বিপক্ষে। চেলসি খেলবে স্পোর্টিং লিসবনের বিপক্ষে।
অতি গুরুত্বপূর্ণ ম্যাচে পিএসজির তারকা খেলোয়াড় ইব্রাহিমোভিচ মাঠে নামতে পারছেন না। ইনজুরির কারণে আজ মাঠে নামতে পারবেন কি না সেটা এখনো নিশ্চত নয়। শুধু ইব্রা নয়, ডিয়াগো সিলভা ও ইজাকুয়েল লাভেজ্জিও একই সমস্যায় ভুগছেন।
ইনজুরিতে পরার আগে ইব্রাহিমোভিচ পিএসজির হয়ে সাত ম্যাচে মাঠে নেমে ৭ গোল করেছিলেন। তাই তাকে দলে পেতে আজ মরিয়া পিএসজি কোচ।
তবে বার্সেলোনা কোচের জন্য আজ এক প্রকার বড় পরীক্ষা। প্রথমবারের মতো তিনি বড় কোনো দলের বিপক্ষে ডাগ আউটে দাঁড়াতে যাচ্ছেন। পিএসজির বিপক্ষে বার্সেলোনার চ্যাম্পিয়নস লিগের রেকর্ড খুব চমকপ্রদ নয়। ২০১২-১৩ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের উভয় লেগই পিএসজির সঙ্গে ড্র করেছিল বার্সা। প্রথম লেগ ২-২ গোলে। দ্বিতীয় লেগ ১-১ গোলে। তার উপর ঘরের মাঠে ২৯ ম্যাচ ধরে অপরাজিত পিএসজি। তাদের বিপক্ষে আজ সেরাটা দিয়েই খেলতে হবে বার্সেলোনাকে।
পিএসজিকে সমীহ করে বার্সা বস লুইস এনরিক বলেন, ‘ইব্রা যদি আজ মাঠে নামতে না পারে তাহলে সেটা পিএসজির জন্য খারাপ খবর। আমি মনে করি তারা এমন একটি দল যারা ভালো করার জন্যই খেলবে। পিএসজির বেশ কয়েকটি ম্যাচ দেখেছি। আয়াক্সের বিপক্ষে তাদের ম্যাচটিও দেখেছি। আসলে তারা এমনই একটি দল যারা এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জয়ের যোগ্যতা রাখে। তাদের দলে ভালো কিছু খেলোয়াড় রয়েছে। আক্রমণ ও রক্ষণভাগে তারা বেশ শক্তিশালী। তারা মাঠেই অনেক সমাধান দেয়। এটা সত্য যে দলটি ইব্রার উপর নির্ভর করে। কিন্তু তাদের কাভানির মতো খেলোয়াড়ও রয়েছে।’
তবে বার্সেলোনাও রয়েছে দুর্দান্ত ফর্মে। লা লিগায় ৬ ম্যাচে মাঠে নেমে ১৬ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে। সবশেষ ম্যাচে তারা ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে গ্রানাডাকে। আজকের ম্যাচেও তারা জয় ভিন্ন অন্য কিছু চিন্তা করবে না।
ঢাকা, ৩০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ





