ফিলিপ হিউজকে বিশেষ শ্রদ্ধা জানাতে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ৪০৮ নম্বর জার্সি পরে মাঠে নামবে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। টেস্টে ৪০৮ নম্বর জার্সি পরে খেলতেন হিউজ। সেটি স্মরণীয় করে রাখতে আগামী ৯ ডিসেম্বর অ্যাডিলেডে শুরু হতে যাওয়া ম্যাচটিতে নম্বরটি বেছে নিয়েছে অসি ক্রিকেটাররা।
সাধারণত কোনো দেশের যে কততম ক্রিকেটার হিসেবে কোনো খেলোয়াড়ের আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয় সেই নম্বরটি ওই খেলোয়াড়ের নম্বর হিসেবে বিবেচিত হয়। এ নম্বরটি তার জার্সিতে ক্রিকেট বোর্ডের প্রতীকের নিচে লেখা থাকে।
অস্ট্রেলিয়ার ৪০৮তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছিল হিউজের। এই নম্বরটি লেখা থাকত ২৬ টেস্ট এই খেলা এই তারকার জার্সিতে।
ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রথম টেস্টটি শুরু হওয়ার কথা ছিল গত বৃহস্পতিবার ব্রিসবেনে। কিন্তু তার আগের দিন বুধবার হিউসের অন্ত্যেষ্টিক্রিয়ার দিন ঠিক হওয়ায় সূচিতে পরিবর্তন আসে।
২৫ নভেম্বর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলস ও সাউথ অস্ট্রেলিয়ার ম্যাচে পেসার অ্যাবটের শর্ট বলে হুক করতে গিয়ে মাথায় বলের আঘাত পান হিউস।
সেন্ট ভিনসেন্টস হাসপাতালে মাথায় অস্ত্রোপচারের পরও চেতনা ফিরে পাননি ২৫ বছর বয়সী এই ক্রিকেটার। দুই দিন মৃত্যুর সঙ্গে লড়ে ২৭ নভেম্বর তিনি মারা যান।
জেডআই





