ভিয়ারিয়ালের জন্য অ্যানফিল্ড অভিশপ্তই বটে! স্প্যানিশ লা লিগার ক্লাবটির কোচসহ কোনো খেলোয়াড়ই নিজেদের ক্যারিয়ারে এই মাঠে জিততে পারেননি। উনাই এমেরির শিষ্যরা বুধবার (২৭ এপ্রিল) রাতেও হারের বৃত্ত ভাঙতে পারল না।
ঘরের মাঠে খেলতে নেমে শুরু থেকেই আধিপত্য বজায় রাখে অলরেডরা। তবে অনেকবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েও সফল হয়নি স্বাগতিকরা। একটানা চাপ ধরে রেখেও প্রথমার্ধে সুবিধা করতে পারেনি সালাহ-মানেরা। ফলে গোলশূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের শুরুতেই হলুদ কার্ড দেখেন পারভিস এস্তুপিনান। আর ৫৩তম মিনিটে করে বসলেন আত্মঘাতী গোল। ডানদিক থেকে লিভারপুল অধিনায়ক জর্ডান হেন্ডারসনের ক্রস ভিয়ারিয়ালের লেফটব্যাকের পায়ে লেগে দিক বদলে বল জালে জড়ায়!
দুই মিনিট পরেই ইয়েলো সাবমেরিনদের আরও হতাশার সাগরে ভাসালেন সাদিও মানে। সালাহ বল পেতেই বক্সের দিকে দৌড় শুরু করেন মানে। এরপর এক ডিফেন্ডারের পায়ের ফাঁক গলে বুটের ডগার ছোঁয়ায় থ্রু বাড়ান মিশরীয় ফরোয়ার্ড। বুটের ডগা ছুঁইয়েই গোল সেনেগাল উইঙ্গারের।
ইউরোপিয়ান কাপ ও চ্যাম্পিয়নস লিগে বাছাইপর্বসহ হিসেব মিলিয়ে ইংলিশ ক্লাবটির ৪৫০তম গোল এটি। আর মাইলফলক হয়ে থাকা গোলটিই স্বস্তি দিয়েছে ছয়বারের ইউরোপ চ্যাম্পিয়নদের।
অবশ্য এই জয়েও নির্ভার হওয়ার সুযোগ নেই লিভারপুলের। কারণ ব্যবধানটা খুব বড় করতে পারেনি ইংলিশরা। অন্যদিকে, চলতি আসরে ভিয়ারিয়ালের চমক যথেষ্ট ভীতি জাগানিয়া।
শেষ ষোলোয় ঘরের মাঠে ১-১ ড্রয়ের পর য়্যুভেন্তাসের ডেরায় ৩-০ গোলে জিতেছিল ইয়েলো সাবমেরিনরা। আর কোয়ার্টারফাইনালে নিজেদের আঙিনায় ১-০ গোলে জয়ের পর ফিরতি পর্বে বায়ার্নের মাঠে ১-১ ড্র করে বাজিমাত করে স্প্যানিশরা।
তাই উনাই এমেরির শিষ্যদের আরেকটি চমক এবং অঘটনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। আগামী মঙ্গলবার (৩ মে) রাতে ভিয়ারিয়ালের মাঠে গড়াবে দ্বিতীয় লেগের খেলা।
এমআই





