১৮ বছর আগে শেষবার কোন মেজর টাইটেল জয় করেছিল জার্মানি। ১৯৯৬ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পর কোন বড় শিরোপার স্বাদ পায়নি ‘ম্যানশ্যাফ্ট’রা।
২০০২ বিশ্বকাপের ফাইনালে হারের পর শেষ দু’আসরেই সেমিফাইনালে থমকে গেছে জার্মানদের জয়রথ। ১৯৫০ সালে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে বিশ্বকাপে খেলা হয়নি; জার্মানির কাছে তাই এটাই প্রথম ব্রাজিলিয়ান বিশ্বকাপ আসর। ফুটবল উন্মাদনার দেশে এসে নিজেদের শক্তির প্রমাণ দিতেই যেন উন্মাতাল জার্মান বাহিনী। প্রথম ম্যাচে পর্তুগালের ওপর আক্রোশ ঝেড়ে এবার ঘানার মুখোমুখি তারা।
‘জি’ গ্রুপের ম্যাচে শনিবার বাংলাদেশ সময় রাত ১টায় ফোর্তালেজার এস্তাদিও কাস্তেলাওয়ে জার্মানির প্রতিপক্ষ ঘানা। গোলের জন্য জার্মান দলে তারকার অভাব হয় না। গার্ড মুলার-জার্গেন ক্লিনসম্যান থেকে মিরোস্লাভ ক্লোসাবরাবরই কোন না কোন ‘গোল মেশিন’ তৈরি থাকে ‘মানব-যন্ত্র’ বা ‘ম্যানশ্যাফ্ট’ খ্যাত জার্মানদের। হালে তাদের গোলের দায়িত্ব নিয়েছেন থমাস মুলার। শেষ ৪টি ম্যাচে ৭টি গোল করেছেন মুলার।
শনিবার নিশ্চিতভাবেই ঘানা ডিফেন্সে ঝড় তুলবেন আগের ম্যাচের হ্যাটট্রিকম্যান মুলার। শুধু ফরোয়ার্ড কেন জার্মান মিডফিল্ডেও কি তারকার অভাব আছে? যেখানে এক সময় ফ্রাঞ্জ বেকেনবাওয়ার-লোথার ম্যাথ্যুজ কিংবা মাইকেল বালাকদের রাজত্ব ছিল, সেখানে জার্মান শিবিরের হাল ধরেছেন টনি ক্রুস।
ব্রাজিলিয়ান মিডিয়া এরই মধ্যে তার নাম রেখেছে ‘গার্সিও’ অর্থাৎ সরবরাহকারী। যেভাবে সতীর্থদের বলের জোগান দিয়েছেন ক্রুস, তাতে সঠিক নামকরণই করেছে তারা। ওদিকে মধ্যমাঠ থেকে পিছিয়ে ডিফেন্সের হাল ধরেছেন জার্মান অধিনায়ক ফিলিপ লাম। মূলত তার কারণেই প্রথমে ম্যাচে একেবারে চুপসে গিয়েছিলেন বিশ্বের সেরা ফরোয়ার্ড পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো।
সবশেষে জার্মান গোলপোস্ট আগলে রাখতে ম্যানুয়েল ন্যুয়ের তো রয়েছেনই। দিনে দিনে কিংবদন্তি অলিভার কানের যোগ্য উত্তরসূরীই হয়ে উঠছেন বায়ার্ন মিউনিখের তরুণ গোলকিপার। সবমিলিয়ে মাঠের লড়াইয়ে কঠিনতম প্রতিপক্ষ হিসেবেই রাখতে হচ্ছে জার্মানদের।
তবে মহীরুহেরও পতন হয়, ডেভিডের কাছেও হার মানতে হয় গলিয়াথকে। গত আসরে দক্ষিণ আফ্রিকার মাটিতে জার্মানিকে দারুণ লড়াইয়ের স্বাদ দিয়েছে ঘানা। মেসুত ওজিলের দুরপাল্লার শটে ১-০ গোলের জয় পেয়েছিল জার্মানি। এবারও ব্রাজিলের মাটিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রতিরোধ গড়েছিল ‘ব্ল্যাক স্টার’ ঘানা। শেষ রক্ষা না হলেও ১-২ গোলে হারের ম্যাচে নিজেদের সামর্থ্য দেখিয়েছে আফ্রিকানরা। জার্মানিকে সেই সামর্থ্যের জালেই বন্দি করার প্রতিজ্ঞা ঘানার।
ঢাকা, ২২ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





