ফাইনাল ম্যাচ না খেলেই ২০১৫ সালে প্রথম শিরোপা জিতলেন টেনিস তারকা অ্যান্ডি মারে। আবু ধাবিতে অনুষ্ঠিত মুবাদালা ওয়ার্ল্ড টেনিস চ্যাম্পিয়নশীপে রোববার শিরোপা জেতেন মারে।
ফাইনালে মারের প্রতিপক্ষ ছিলেন বিশ্বের শীর্ষ বাছাই সার্বিয়ার নোভাক জকোভিচ। কিন্তু জ্বরের কারণে ফাইনাল থেকে নিজের নাম প্রত্যাহার করে জকোভিচ। ফলে লড়াই ছাড়াই শিরোপাটি জেতেন ইংলিশ তারকা মারে।
সুইজারল্যান্ডের স্তানিসলাস ওয়ারিঙ্কাকে হারিয়ে ফাইনালের টিকিট কাটেন জকোভিচ। অন্য দিকে স্পেনের রাফায়েল নাদালকে হারিয়ে ফাইনালে জকোভিচের প্রতিপক্ষ হন মারে। তাই ফাইনালের লাইন-আপ দেখে আগেভাগেই আভাস পাওয়া গিয়েছিলো জম্পেশ ম্যাচের। কিন্তু জকোভিচের অসুস্থতায় উত্তেজনাকর এক ফাইনাল দেখা থেকে বঞ্চিত হল ভক্তরা।
শিরোপা জিতলেও ম্যাচ শেষে ভারক্রান্ত মন ছিল মারের। কারণ ফাইনালটি খেলার খুব ইচ্ছা ছিল তার, ‘এই ম্যাচটি খেলতে পারলে দারুণ হত। জকোভিচ পুরোপুরি সুস্থ নয়। আশা করছি শীঘ্রই সুস্থ হয়ে উঠবে।'
জেডআই





