বাংলাদেশকে স্বর্ণ জয়ের স্বপ্ন দেখিয়েছিল প্রমীলা নারী ক্রিকেট দল। কিন্তু সেই স্বপ্ন আর পূর্ণ হলো না। ফাইনাল ম্যাচে পাকিস্তানের নারী ক্রিকেট দলের কাছে হেরে গেছে বাংলাদেশের নারী ক্রিকেটাররা। শুক্রবার বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মাত্র ৪ রানে হেরেছে লাল-সবুজ বাহিনী। ফলে রৌপ্য নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদেরকে।
পাকিস্তানের ইনিংস শেষে বৃষ্টি হওয়ায় ২০ ওভারের ম্যাচটি নির্ধারিত হয় ৭ ওভারে। আর বাংলাদেশের সামনে লক্ষ্য নির্ধারণ করা হয় ৪৩ রান। কিন্তু সেই লক্ষ্য পূর্ণ করতে পারেনি সালমাবাহিনী।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১০ রান করেন রুমানা আহম্মেদ ও ফারজানা হক। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ দু’টি করে উইকেট নেন সাদিয়া ইউসুফ, নিদা দার ও সানা মীর।
এর আগে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ৯৭ রান করে পাকিস্তান। পাকিস্তানের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ২৪ রান করেন বিশমা মারুফ। দ্বিতীয় সর্বোচ্চ স্কোর ১৮ রান করেন নাইন আবিদি।
৪ ওভারে ১৩ রান দিয়ে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ দুই উইকেট নেন রুমানা আহম্মেদ। একটি করে উইকেট নেন জাহানার আলম, সালমা খাতুন ও ফাহমিদা খাতুন।
ঢাকা, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই





