[b]লন্ডন:[/b] ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে সপ্তম হারের লজ্জা পেল ম্যানচেস্টার ইউনাইটেড। রোববার স্টামফোর্ড ব্রিজে চেলসির কাছে ৩-১ গোলে হেরেছে ডেভিড ময়েসের শিষ্যরা।
ম্যাচটিতে হ্যাটট্রিক করেছেন ক্যামেররুনের জাতীয় দলের তারকা স্যামুয়েল ইতো। প্রিমিয়ার লিগে তার চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ গোলের সুবাদে প্রতিদ্বন্দ্বীদের জন্য হুমকি হয়ে দাঁড়াল কোচ হোসে মরিনহোর শিষ্যরা।
এই জয়ে নতুন মাইলফলক ছুঁয়েছেন দ্বিতীয়বারের মতো চেলসিতে কোচের দায়িত্ব পালন করা পর্তুগীজ বস মরিনহো। প্রিমিয়ার লিগে মাত্র ১৪২ ম্যাচে ১০০তম জয়ের রেকর্ড গড়ছেন তিনি। লিগে এটিই সবচেয়ে কম ম্যাচে জয়ের সেঞ্চুরির রেকর্ড।
এদিন খেলার ১৭ মিনিটে গোলরক্ষক ডেভিড গিয়াকে পরাস্ত করে গোলের সূচনা করেন। বিরতিতে যাওয়ার এক মিনিট আাগে দলের লিডকে ডাবলে নিয়ে যান তিনি। দ্বিতীয়ার্ধের চার মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন এই স্ট্রাইকার।
খেলার ৭৮ মিনিটে ম্যানইউর হয়ে একটি গোল শোধ করেন জাভিয়ার হার্নান্দেজ। আর কোনো শোধ করতে পারেনি তারা। বরং ৯০+১ মিনিটে নেমাঞ্জা ভিডিচ লাল কার্ড দেখলে ১০ জনের দল নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।
এই জয়ের ফলে ২২ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই আছে চেলসি। সমান ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে এক পয়েন্ট কমে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। এদিকে ৩৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।