পাল্লেকেলেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে জয় পেয়েছে শ্রীলঙ্কা। শনিবার সফরকারী অস্ট্রেলিয়াকে তারা ১০৬ রানে হারিয়েছে।
শ্রীলঙ্কার ছুড়ে দেওয়া ২৬৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৬১ রানেই অলআউট হয়ে যায়। ফলে ১০৬ রানে জয় পায় স্বাগতিকরা। প্রথম ইনিংসে ৪ উইকেট পাওয়া রঙ্গনা হেরাথ দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট শিকার করেছেন।
শুক্রবার টেস্টের চতুর্থ দিনে ৩ উইকেট হারিয়ে ৮৩ রান সংগ্রহ করে দিন শেষ করে অস্ট্রেলিয়া। আজ শনিবার টেস্টের শেষ দিনে স্টিভেন স্মিথ ও অ্যাডাম ভোজেস ব্যাট করতে নামেন।
সকালে ব্যাট করতে নেমে দলীয় ৯৬ রানে অ্যাডাম ভোজেস (১২) আউট হয়ে যান। ১৩৯ রানে মিশেল মার্শ হেরাথের বলে এলবিডব্লিউর শিকার হন (২৫)। দারুণ ব্যাটিং করতে থাকা স্টিভেন স্মিথ ১৪০ রানের মাথায় হেরাথের বলে এলবিডব্লিউ হন (৫৫)। ১৪১ রানের মাথায় মিশেল স্টার্ক (০) সানদাকানের শিকারে পরিণত হন।
এরপর ১৫৭ রানের মাথায় লায়ন আউট হয়ে যান। এরপর ১৬১ রানেই পিটার নেভিল এবং ও’কাফি আউট হয়ে গেলে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের যবনিকাপাত ঘটে। শেষ দুটি উইকেট শিকার করেন রঙ্গনা হেরাথ ও সানদাকান।
অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৫৫ রান করেন স্টিভেন স্মিথ। ২৯ রান করেন জো বার্নস। ২৫ রান আসে মিশেল মার্শের ব্যাট থেকে। হেরাথের ৫ উইকেট শিকারের পাশাপাশি লাকসান সানদাকান ৩ উইকেট নেন।
ম্যাচসেরা হন কুশাল মেন্ডিস।
সংক্ষিপ্ত স্কোর :
শ্রীলঙ্কা :
প্রথম ইনিংস - ১১৭/১০ (ধনঞ্জয় ২৪; হাজলেউড ৩/২১)
দ্বিতীয় ইনিংস - ৩৫৩/১০ (মেন্ডিস ১৭৬; স্টার্ক ৪/৮৪)।
অস্ট্রেলিয়া :
প্রথম ইনিংস - ২০৩/১০ (ভোজেস ৪৭; হেরাথ ৪/৪৯)
দ্বিতীয় ইনিংস - ১৬১/১০ (স্মিথ ৫৫; হেরাথ ৫/৫৪)।
ফল : শ্রীলঙ্কা ১০৬ রানে জয়ী
ম্যাচসেরা : কুশাল মেন্ডিস
সিরিজ : শ্রীলঙ্কা ১-০ ব্যবধানে এগিয়ে
এফএফ





