আগেই জানা ছিলো চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যার পরে থাকবে শিশিরের উপস্থিতি, যে কারণে ম্যাচের দ্বিতীয়ভাগে বোলিং করা হবে কষ্টকর। এ ভাবনা থেকেই সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
মিরপুরে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে আগে ব্যাট করেছিল বাংলাদেশ। তবে এ ম্যাচে নিজেদের পরিকল্পনা থেকে সরে এসেছেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। জিম্বাবুয়ে অধিনায়ক টসে ভুল ডাক দিলে জিতে যান মাশরাফি। তিনি সিদ্ধান্ত নেন আগে বোলিং করার।
চট্টগ্রামের সাগরিকায় সবশেষ ৯ ম্যাচের ৭টিতেই জিতেছে বাংলাদেশ। এর চেয়েও বড় কথা হল জিম্বাবুয়ের কাছে এই ভেন্যুতে কখনো হারেনি টাইগাররা। সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে খেলতে নেমে এ ম্যাচেও হারবে না মাশরাফির দল এমনটাই প্রত্যাশা সকলের।
বাংলাদেশ দল: লিটন দাস, ইমরুল কায়েস, ফজলে রাব্বি, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), নাজমুল ইসলাম অপু, মোস্তাফিজুর রহমান।
তবে একটি পরিবর্তন এসেছে জিম্বাবুয়ে দলে। বাঁহাতি ব্যাটসম্যান ক্রেইগ আরভিনের জায়গায় একাদশে ফিরেছেন এল্টন চিগুম্বুরা।
জিম্বাবুয়ে একাদশ: হ্যামিল্টন মাসাকাদজা, সিফাস জুওয়াও, এল্টন চিগুম্বুরা, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস, পিটার মুর, সিকান্দার রাজা, ডোনাল্ড টিরিপানো, ব্র্যান্ডন মাভুটা, কাইল জার্ভিস, তেন্ডাই চাতারা।
এসএম





