অনেক চেষ্টার পরও দলের সেরা তারকা লুইজ সুয়ারেজকে ধরে রাখতে পারেনি লিভারপুল। তবে সুয়ারেজকে ছাড়াও তারা দুর্দান্ত খেলতে পারে তা দেখাল ইংলিশ ক্লাবটি। রোববার নিজেদের মাঠ অ্যানফিল্ডে এক প্রীতি ম্যাচে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডকে ৪-০ গোলে হারিয়েছে তারা।
সুয়ারেজ বার্সায় চলে যাওয়ার পর এই প্রথম অ্যানফিল্ডের মাঠে লড়াইয়ে নেমেছিল লিভারপুল। আর প্রিমিয়ার লিগ শুরু হতে বাকি মাত্র ছয় দিন। তার আগে এমন জয়ই হয়তো কাম্য ছিল দলটির।
এদিকে বরুসিয়া ডর্টমুন্ড ছেড়ে চলে গিয়েছিলেন তাদের সেরা তারকা লেবানদস্কি। আরেক জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছেন তিনি। কিন্তু এই তারকার ঘাটতিটা পূর্ণ করতে পারেনি তারা।
রোববারের ম্যাচটিতে খেলার শুরু থেকে দুর্দান্ত ছিল লিভারপুল। মাত্র ১০ মিনিটে কৌটিনহোর সহযোগিতায় দলকে এগিয়ে দেন ড্যানিয়েল স্টারিজ। এর তিন মিনিট পর দলের লিডকে ডাবলে নিয়ে যান ডেজান লোভরেন। এই গোলটিতে অবদান রাখেন স্টিভেন জেরার্ড।
২-০তে এগিয়ে থাকা লিভারপুল বিরতির চার মিনিট পর আরো এক গোল পায়। রহীম স্টার্লিংয়ের অবদানে এই গোলটি করেন কৌটিনহো।
৬১ মিনিটে দলের এক হালি পূর্ণ করেন জর্ডান হেন্ডারসন। খেলায় শেষ পর্যন্ত অনেক চেষ্টা করেও কোনো গোল শোধ করতে পারেনি জার্মান ক্লাবটি। ফলে ৪-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে দ্য রেডসরা।
ঢাকা, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেডআই





