দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য নিউজিল্যান্ডের ১৪ সদস্যের দলে ডাক পেয়েছেন সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি। মঙ্গলবার থেকে ওয়ানডে সিরিজ শুরু হবে।
ক্যারিয়ারে নিউজিল্যান্ডের হয়ে ২৭৫টি ওয়ানডে ম্যাচ খেলা ৩৫ বছর বয়সী বাঁহাতি এই স্পিনার গত বছর জুনে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন। এরপর থেকে গোঁড়ালির ইনজুরির কারনে তিনি সাইডলাইনে ছিলেন। গত সপ্তাহে স্কটল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ড একাদশের হয়ে ভেট্টরি ১০ ওভার বল করেছেন। তারই ফলশ্রুতিতে কোচ মাইক হেসন তার উপর আস্থা রেখেছেন।
ভেট্টরি ছাড়াও ইনজুরিগ্রস্থ রস টেইলর ও কেন উইলিয়ামসনের জায়গায় দলে ডাক পেয়েছেন ব্যাটসম্যান ডিন ব্রাউনলি এবং টম ল্যাথাম। পায়ের পেশীতে টান পড়ায় পুরো সিরিজে দলে বাইরে চলে গেছেন টেইলর।
আর কব্জির ইনজুরির কারনে শুধুমাত্র প্রথম ম্যাচ খেলতে পারছেন না উইলিয়ামসন। এ সম্পর্কে হেসন বলেছেন, টেস্ট দলের সাথে ওয়েস্ট ইন্ডিজ সফরে দারুণ ফর্মে ছিলেন টম। ক্রাইশ্চার্চে অনুশীলন ম্যাচেও সে ভাল খেলেছে। অন্যদিকে ইংল্যান্ড সফরে সফল ছিলেন ডিন।
৩০ বছর বয়সী অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণকারী ব্রাউনলি সর্বশেষ ২০১২ সালের জুলাইতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলেছিলেন। আর ২২ বছর বয়সী ল্যাথাম গত বছর নভেম্বরে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে দলে ছিলেন। ফাস্ট বোলার টিম সাউদি নিজেকে ফিট প্রমান করলেও আয়ারল্যান্ডের বিপক্ষে শনিবার নিউজিল্যান্ড একাদশে ছিলেন না। তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজকে উভয় দলই আগামী বছরের বিশ্বকাপের আগে অনুশীলন ম্যাচ হিসেবে বিবেচনা করছে।
জেডআই





