তরুণদের মধ্যে উৎসাহ সৃষ্টি করতে সেরা তরুণ ফুটবলারের পুরস্কার দিচ্ছে ফিফা। ব্রাজিল বিশ্বকাপেও এক জনকে এই পুরস্কার দেয়া হবে। ১ জানুয়ারি ১৯৯৩ এর পর জন্মগ্রহণকারী খেলোয়াড়দের মধ্য থেকে বেছে নেয়া হবে সেরা জনকে। এই দৌড়ে যারা এগিয়ে আছেন তাদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা।

মেমফিস ডিপে: নেদারল্যান্ডস এই তারকা ব্রাজিল বিশ্বকাপে চমক দেখিয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে দলের জয়ে একটি গোল করা ছাড়াও একটি গোলে অবদান রেখেছেন। সেই সঙ্গে নেদারল্যান্ডসের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়েছেন। চিলির বিপক্ষে আরো এক গোলে পেয়েছিলেন তিনি।

পল পোগবা: ফ্রান্সের এই তারকা বিশ্বকাপের আগেই সবার নজর কেড়েছেন। মাত্র ২১ বছর বয়স হলেও তিনি এখন ফ্রান্সের প্রাণভোমরা। বিশ্বকাপে নক আউট পর্বের লড়াইয়ে নাইজেরিয়ার বিপক্ষে প্রথম গোলটি করেছিলেন পোগবা।

রাফায়েল ভারানে: ফ্রান্সের এই তারকা প্রমাণ করেছেন দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ তিনি। মাত্র ২১ বছর বয়সেই ফ্রান্সের রক্ষণভাগের ভরসার পাত্র। সেন্টার ব্যাক হিসেবে সুনাম কুড়িয়েছেন ভারানে। বার বার প্রতিপক্ষ দলের খেলোয়াড়দেকে পরাস্ত করেছেন।

ঢাকা, ১২ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই