দ্বাদশ এশিয়া কাপে নিজেদের প্রথম দুই ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে প্রায় ছিটকে গেছে স্বাগতিক বাংলাদেশ। তবে পাকিস্তান ও শ্রীলংকার বিপক্ষে অঘটন ঘটিয়ে ফাইনালে খেলার স্বপ্ন দেখছে গত আসরের রানার্স আপ দলটি। আর পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে যেন সেই অসম্ভবকে সম্ভব করার দিকেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে ১৫০ রানে প্রথম উইকেট হারিয়েছে তারা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩০ ওভারে ১ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করেছে বা্ংলাদেশ। ক্রিজে আছেন উদ্বোধনী জুটির এনামুল  হক (৮১) ও মুমিনুল হক।
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে যেন উজ্জীবিত স্বাগতিকরা। হাফ-সেঞ্চুরি পার করেছেন উদ্বোধনী জুটির এনামুল ও ইমরুল কায়েস। সেই সঙ্গে ওপেনিং জুটিতে আগের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর ১৩৭ রান পার করেন তারা। কিন্তু ৫৯ রান করে ইমরুল কায়েস আউট হয়ে যাওয়ায় ১৫০ রানে তাদের জুটি ভেঙে যায়। ফলে মাত্র ২‌১ রানের জন্য শাহরিয়ার হোসাইন ও মেহরাব হোসাইনের উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ স্কোরের রেকর্ডটি ভাঙ্গতে পারেনি তারা। সব মিলিয়ে তাদের এই জুটিটি বাংলাদেশের সর্বোচ্চ রানের অষ্টম জুটি।