প্লে-অফের আশা শেষ হয়ে গেছে অনেক আগেই। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা চেয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বাকি সব ম্যাচেই জয় তুলে নিতে। সেই পথে ব্যাটম্যানরা নিজেদের কাজটা ভালোভাবেই সম্পন্ন করলেন। রংপুরকে ১৭১ রানের লক্ষ্য দিয়েছেন ইমরুল-খালিদরা।
রোববার মিরপুরে টসে জিতে কুমিল্লাকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান রংপুরের অধিনায়ক। দুই ওপেনার ইমরুল কায়েস ও খালিদ লতিফের ৮৮ রানের জুটির সুবাদে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান তুলেছে কুমিল্লা।
ইমরুল ৩৫ বলে ৫২ রানের অনবদ্য এক ইনিংস খেলেন। ৭টি চার ও ২টি ছয় মারেন তিনি। অন্যদিকে খালিদ ৩৬ বলে ৪৩ রান করে আউট হন। তার ইনিংসটি ছিল ৩টি চার ও ২টি ছয়ে সাজানো।
দুর্দান্ত খেলতে থাকা ইমরুলকে ফেরান আরাফাত সানি। একাদশ ওভারে তার বলে ডসনের হাতে ক্যাচ তুলে দেন তিনি। অপর ওপেনার খালিদ আউট হন সানির পরের ওভারের শেষ বলে। তিনি ক্যাচ তুলে দিয়ে ধরা পড়েন শহীদ আফ্রিদির হাতে। এরপর অধিনায়ক মাশরাফি (৭) নামলেও দলের জন্য ব্যাট হাতে তেমন অবদান রাখতে পারেননি। আফ্রিদির বলে ডসনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।
মারলন স্যামুয়েলস অপর প্রান্তে ভালোই খেলছিলেন। এক ছক্কা ও দুই চারে ২৪ বলে ৩০ তুলে ফেলেছিলেন ক্যারিবিয়ান এই ব্যাটসম্যান। কিন্তু দুর্ভাগ্যজনক রানআউট হয়ে দলীয় ১৪৮ রানের মাথায় ফেরেন তিনি।
স্যামুয়েলস ফিরে গেলেও রানের গতি খুব একটা কমেনি কুমিল্লার। আসহার জাইদি শেষ দিকেও ঝোড়ো ব্যাটিং অব্যাহত রাখেন। তবে ১১ বলে ১৭ রান তুলে রুবেল হোসেনের বলে বোল্ড হন এই পাকিস্তানি ব্যাটসম্যান। বাকিটা পথ শেষ করেন লিটন দাশ (৬) ও রশিদ খান (১১*)। রুবেলের করা ইনিংসের শেষ বলে লিটন বোল্ড হওয়ায় আগে দলের সংগ্রহ দাঁড়ায় ১৭০।
রোববারই শেষ হবে বিপিএলের গ্রুপ পর্ব। ঢাকা ডায়নামাইটস ও চিটাগং ভাইকিংস প্লে অফের জায়গা নিশ্চিত করেছে এরই মধ্যে। সমান ১২ পয়েন্ট নিয়ে বাকি দুই জায়গার জন্য রংপুর, রাজশাহী ও খুলনা টাইটান্সের লড়াই। সন্ধ্যায় মিরপুরেই ঢাকার সাথে খুলনার ম্যাচ। অন্যদিকে রাজশাহীর ১২ ম্যাচ শেষ।
এদিন খুলনা ও রংপুরের জয় মানে তাদের প্লে অফে যাওয়া এবং রাজশাহীর বিদায়। দুই দলই হারলে হিসেবটা রান রেটের। তৃতীয় স্থানে আছে রাজশাহী। তাদের সাথে তখন যোগ হবে বাকি দুই দলের একটি। আবার একটি দলের জয় ও একটির হার মানে আবার রান রেটের সমীকরণ। যে জিতবে সে তো ১৪ পয়েন্ট নিয়ে হয়ে যাবে দ্বিতীয়। এমন নানা হিসেব নিকেশের ম্যাচে তাই চোখ না রেখে উপায় আছে!
জারিফ





