‘হু ক্যান নেম এ ফেমাস বেলজিয়ান’- বহু পুরনো এক কৌতুক। যেটি প্রকারান্তরে কটাক্ষ করে সে দেশের অধিবাসীদের। কিন্তু বেলজিয়ামের যে দলটি বাংলাদেশ সময় আজ মঙ্গলবার রাত দশটায় আলজেরিয়ার বিপক্ষে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করছে, তাদের নিয়ে অমন ব্যঙ্গ-বিদ্রুপের বিন্দুমাত্র সুযোগ নেই। বরং ফুটবল-ঐশ্বর্যে তারা বিশ্বের অনেক পরাশক্তিকে টেক্কা দেওয়ার দাবিদার।

শুধু শুধুই তো আর বিশ্বকাপের ট্রফি জয়ের বাজির দরে পাঁচ নম্বরে নেই বেলজিয়াম!

অথচ এর আগে কোনো দিন বিশ্বকাপ জেতেনি তারা। তার উপর এবার চূড়ান্ত পর্বে উঠল এক যুগ বিরতিতে, সেই ২০০২ সালের পর। তবু টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগে শিরোপা-সম্ভাবনায় ব্রাজিল-আর্জেন্টিনা-স্পেন-জার্মানির পর পরই তাদের রেখেছে বাজিকররা। অসাধারণ প্রতিভাবান এক স্কোয়াডের সাক্ষ্য দেয় তা।

তুলনায় আজ প্রথম ম্যাচের প্রতিপক্ষ আলজেরিয়া প্রচারের বাইরে থাকা দল। ব্রাজিল বিশ্বকাপে আফ্রিকার পাঁচ দলের মধ্যে ফিফা র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে যে তারা, সেটি জানে কজন! গত বিশ্বকাপও খেলেছিল তারা। কিন্তু বিদায় নেয় গ্রুপের শেষে থেকে, একটিও গোল করতে না পেরে। এর আগে তাদের সর্বশেষ উপস্থিতি ১৯৮৬ আসর ধরলে পাঁচ ম্যাচে গোলশূন্য আলজেরিয়া। অনাকাঙ্খিত যে রেকর্ডে বলিভিয়ার পরেই আছে তারা। ১৯৮৬ সালে নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে ১-১ ড্র ম্যাচে জামেল জিদানের গোলের পর বিশ্বকাপে ৪৮১ মিনিট জাল খুঁজে পায়নি আলজেরিয়ার ফুটবলাররা। বলিভিয়ার ৫১৭ মিনিটের রেকর্ড থেকে খুব দূরে নেই তারা।

বেলজিয়ামের বিপক্ষে আজ সেই রেকর্ড হয়ে যাওয়ার আশঙ্কা প্রবল। কেননা তাদের বারপোস্টে থাকবেন থিবো কর্তোয়া, সমকালীন অন্যতম সেরা গোলরক্ষক। রক্ষণে ভিনসেন্ট কম্পানিও নিজ পজিশনের সেরাদের ছোট্ট তালিকায় আছেন। আর মিডফিল্ড-ফরোয়ার্ডে তো বেলজিয়ামের দক্ষতা-সামর্থ্য চোখ ধাঁধানো। এডেন হ্যাজার্ড, মারুয়ান ফ্যালাইনি, কেভিন ডি ব্রুইন, রোমেলু লুকাকু, আদনান ইয়ানুযাই গোল তারা করবেনই। ইনজুরির কারণে ক্রিস্টিয়ান বেনটেকের অনুপস্থিতি খুব একটা অনুভব করার করার কথা না বেলজিয়ামের।

এই বিশ্বকাপের একমাত্র আরব দল আলজেরিয়ার রক্ষণ-আক্রমণ দুই ভাগের জন্যই আজ তাই বড় পরীক্ষা। প্রথম দলকে সামলাতে হবে বেলজিয়ামের বিস্ফোরক আক্রমণ, পরের ভাগে সামনে গোল করে ইতিহাসের লজ্জা মোছার মিশন।

অন্য দিকে বেলজিয়ামের অভিযানের মাত্রা অন্য রকম। টুর্নামেন্টের আগে তাদের নিয়ে যে হই-চই, সেটি যে ফাঁকা আওয়াজ না - তা প্রমাণ করতে হবে। আলজেরিয়ার বিপক্ষে হোঁচট খেলে শিরোপা প্রত্যাশীদের বাজির দরে শীর্ষ পাঁচ থেকে ছিটকে সেরা দশের বাইরে যেতে একটুও সময় লাগবে না।

আফ্রিকার ‘মরু শেয়াল’দের সঙ্গে ইউরোপের ‘লাল শয়তান’দের দ্বৈরথটা তাই জমজমাটই হওয়ার কথা।

ঢাকা, ১৭ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই