লা লিগায় সর্বকালের সর্বোচ্চ গোলদাতার ব্যক্তিগত গৌরবের থেকে এই মুহূর্তে মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে রিয়াল মাদ্রিদকে পরাজিত করাই বেশী গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন চারবারের বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি।

১৯৫৫ সালের টেলমো জারার ২৫১ গোলের থেকে আর মাত্র এক গোল দুরে রয়েছেন মেসি। শনিবার স্যান্টিয়াগো বার্নাব্যুতে রিয়ালের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়েই মেসি তার রেকর্ডের খাতায় আরেকটি পাতা যোগ করতে পারেন।

এই মুহূর্তে রিয়ালে থেকে চার পয়েন্ট এগিয়ে লা লিগার টেবিলের শীর্ষে অবস্থান করছে বার্সা। যদিও কোচ লুইস এনরিকের সাথে সুর মিলিয়েই এই আর্জেন্টাইন তারকা বলেছেন মাত্র আট ম্যাচ পরে এখনই লীগ শিরোপার দিকে তাদের কোন নজর নেই। মেসি বলেন, ‘এটা ক্ল্যাসিকো এবং এই ম্যাচে খেলাটা আমি সবসয়ই বেশ উপভোগ করি। কিন্তু এখানে কোন কিছু নির্ধারিত হচ্ছে না। এখনো লীগের অনেকটা সময় বাকি, কিন্তু আমরা সবসময়ই জয়ের জন্য মাঠে নামি। এখানে রেকর্ড খুব একটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হচ্ছে কতটা ভাল খেলে আমরা জয় নিয়ে মাঠ ছাড়ছি।’

আয়াক্সের বিপক্ষে মঙ্গলবার চ্যাম্পিয়নস লীগে ৩-১ গোলে জয়ের ম্যাচে বিরতির পরে নেইমার এবং আন্দ্রেস ইনিয়েস্তার সাথে মেসিকেও মাঠ থেকে উঠিয়ে নিয়েছিলেন এনরিকে। শনিবারের ম্যাচটির কথা মাথায় রেখেই কোচ তাদের বিশ্রাম দিতে চেয়েছেন। তবে গত শনিবার এইবারের বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে মেসিকে পরিবর্তন করা নিয়ে বিতর্ক তৈরী হয়েছিল। যদিও শেষ পর্যন্ত পুরো ম্যাচেই তিনি মাঠে ছিলেন। তবে মেসি মনে করেন খেলোয়াড় পরিবর্তনে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারেন একমাত্র এনরিকেই। এ সম্পর্কে তিনি বলেছেন, আমি বিষয়টি নিয়ে পরে জানতে পেরেছি। কিন্তু তিনি আমাদের কোচ এবং ম্যাচের যেকোন সময় তিনি যেকোন খেলোয়াড়কে পরিবর্তন করতে পারেন। এখানে আমি কোন সমস্যা দেখছি না।

এবারের মৌসুমে বার্সেলোনার হয়ে ২৮ গোলের মধ্যে মেসি ও নেইমার মিলে করেছেন ১৯টি গোল। এই জুটির সাথে বার্নাব্যুতে নিষেধাজ্ঞা কাটিয়ে যোগ দিচ্ছেন লুইস সুয়ারেজ। বার্সেলোনার হয়ে নিজের অভিষেক ম্যাচের জন্য এখন সুয়ারেজের সাথে পুরো কাতালান শিবির ও সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে।

জেডআই