ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সপ্তম আসের নিজেদের নবম জয় তুলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। শনিবার বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরেকে ৮ উইকেটে হারিয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই।
ম্যাচটিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে টস হারা ব্যাঙ্গালুরে। এদিন কোহলি ৪৯ বলে দুটি চার ও পাঁচটি ছক্কায় ৭৩ রান করেন। তবে বাকিরা ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি।
জবাবে শুরু থেকেই মারমুখী ব্যাট করে চেন্নাইর ব্যাটসম্যানরা। ওপেনার ডোয়াইন স্মিথ মাত্র ১৭ বলে ৩৪ রান করেন। ৪.২ ওভারে তিনি মাঠ থেকে বিদায় নেয়ার সময় দলীয় স্কোর ছিল ৫৭ রান। পরে সুরেশ রায়না ১৮ বলে ১৮ রান করে আউট হলেও ডুপ্লেসিস ও ধোনি ১৭.৪ ওভারেই দলের জয় নিশ্চিত করেন।
৪৩ বলে ৫৪ রান নিয়ে অপরাজিত থাকেন উদ্বোধনী জুটির ডুপ্লেসিস। তার সঙ্গে ২৮ বলে ৪৯ রানের হার না মানা ইনিংস খেলেন ধোনি।
এই জয়ে ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে চেন্নাই। এদিকে আট দলের মধ্যে সপ্তম স্থানে আছে ব্যাঙ্গালুরে।
ঢাকা, ২৪ মে (টাইমনিউজবিডি) //জেডআই





