রাশিয়ার রাজধানী মস্কোর স্টেট ক্রেমলিন প্যালেসে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে নির্ধারিত হলো ফিফা বিশ্বকাপ ২০১৮ এর আটটি গ্রুপ।
বাংলাদেশ সময় রাত নয়টায় রাশিয়ার রাজধানী মস্কোর স্টেট ক্রেমলিন প্যালেসে শুরু হয় এই ড্র অনুষ্ঠান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ইংল্যান্ডের সাবেক ফরোয়ার্ড গ্যারি লিনেকার ও ক্রীড়া সাংবাদিক মারিয়া কোমান্দনায়া।
আগেই ঠিক করা ছিল স্বাগতিক রাশিয়া থাকবে এ গ্রুপে। এরপর লটারির মাধ্যমে নির্ধারণ করা হয় কোন গ্রুপে কোন দেশ পড়বে।
অক্টোবরের ফিফা র্যাঙ্কিং অনুযায়ী ড্রর জন্য চারটি পট-এ আটটি করে দল রাখা হয়েছিল। স্বাগতিক রাশিয়ার সঙ্গে র্যাঙ্কিংয়ের শীর্ষ সাতটি দল রাখা হয় এক নম্বর পটে। র্যাঙ্কিংয়ের পরের আটটি দল পট-২ এ। এভাবে র্যাঙ্কিং অনুযায়ী পরের দুটি পটেও আটটি করে দল থাকবে।
নিয়ম অনুযায়ী ইউরোপ ছাড়া অন্য কোনো মহাদেশ থেকে একটির বেশি দল এক গ্রুপে রাখা হয়নি। আর ইউরোপ থেকে সর্বোচ্চ দুটি দল ছয়টি গ্রুপে রাখা হয়।
এক নজরে রাশিয়া বিশ্বকাপের কোন গ্রুপে কোন দেশ:
এ গ্রুপ : রাশিয়া, সৌদি আরব, মিসর, উরুগুয়ে।
বি গ্রুপ : পর্তুগাল, স্পেন, মরক্কো, ইরান।
সি গ্রুপ : ফ্রান্স, অস্ট্রেলিয়া, পেরু, ডেনমার্ক।
ডি গ্রুপ : আর্জেন্টিনা, আইসল্যান্ড, ক্রোয়েশিয়া, নাইজেরিয়া।
ই গ্রুপ : ব্রাজিল, সুইজারল্যান্ড, কোস্টারিকা, সার্বিয়া।
এফ গ্রুপ : জার্মানি, মেক্সিকো, সুইডেন, দক্ষিণ কোরিয়া।
জি গ্রুপ : বেলজিয়াম, পানামা, তিউনিসিয়া, ইংল্যান্ড।
এইচ গ্রুপ : পোল্যান্ড, সেনেগাল, কলম্বিয়া, জাপান।
উদ্বোধনী ম্যাচে স্বাগতিক রাশিয়ার মুখোমুখি হবে সৌদি আরব। মূল অনুষ্ঠান শুরুর আগে বক্তব্য রাখেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
ড্র অনুষ্ঠানে সহযোগিতার জন্য মঞ্চে ছিলেন ব্রাজিলের কাফু, আর্জেন্টিনার ডিয়েগো ম্যারাডোনা, ইতালির ফাবিও ক্যানাভারো, উরুগুয়ের ডিয়েগো ফোরলান, স্পেনের কার্লোস পুয়োল, ফ্রান্সের লরাঁ ব্লাঁ, ইংল্যান্ডের গর্ডন ব্যাঙ্কস ও রাশিয়ার নিকিতা সিমোনিয়ান।
জেড





