মুস্তাফিজুর রহমানের বন্দনায় পুরো ক্রিকেট বিশ্ব যখন মাতোয়ারা, তখন অনেকটাই নিশ্চুপ ছিলেন পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার। দেরিতে হলেও সানরাইজার্স হায়দরাবাদের বাংলাদেশি পেসারের প্রশংসা করলেন সাবেক এই গতিতারকা।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ক্রিকেটবোদ্ধাদের দৃষ্টি কাড়তে সক্ষম হন কাটার-মাস্টার। দৃষ্টি এড়ায়নি পাকিস্তানি তারকারও। ভারতের এই লিগে মুস্তাফিজের পারফরম্যান্স তাঁকে অভিভূত করেছে বলে জানিয়েছেন তিনি।
শোয়েব বলেন, ‘আইপিএলে মাঝখানে কয়েকটি ম্যাচে তাঁর (মুস্তাফিজ) পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না ঠিক, তাই বলে তাঁর বোলিংয়ের ধার কমে গেছে তা আমি মনে করি না। ভালো কিছু করার ক্ষমতা তাঁর আছে। তাঁর ভবিষ্যৎ উজ্জ্বল। আমার বিশ্বাস সে অনেক দূর যাবে।’
বাংলাদেশের এই বাঁহাতি পেসারকে পরামর্শ দিয়ে শোয়েব বলেন, ‘ভারতে মুস্তাফিজের পারফরম্যান্স আমাকে অভিভূত করেছে। আইপিএলে সে যেভাবে খেলছে, তাঁকে আরো বেশি মানুষ দেখছে, আরো বেশি বিশ্লেষণ করছে। ভবিষ্যতে এই কারণেই নিজের প্রতি আরো যত্নবান হওয়া দরকার।’
এবারের আইপিএলে সবার নজর কেড়েছেন মুস্তাফিজ। এখন পর্যন্ত ১৩ ম্যাচে তাঁর সংগ্রহ ১৫ উইকেট। তাঁর অন্যতম পারফরম্যান্সে সানরাইজার্স হায়দরাবাদ আইপিএলের শেষ চারে জায়গা করে নিয়েছে।
ওএফ





