আয়কর ফাঁকি দেয়ার মামলায় বিচারের সম্মুখীন হতে হবে আর্জেন্টাইন ফুটবল সুপারস্টার লিওনেল মেসিকে। এমনই রায় দিয়েছেন স্পেনের বার্সেলোনার একটি আদালত। মামলাটি বাতিলের জন্য মেসি যে আপিল করেছিলেন তা খারিজ করে এই রায় দিয়েছেন আদালত।

বিচারক তার রায়ে বলেছেন, ‘মেসি আপিল করার সময় যে যুক্তি প্রদর্শন করেছেন তা গ্রহণযোগ্য নয়। আর্থিক বিষয়গুলো তার বাবা দেখভাল করতেন; মেসি এই বিষয়ে কিছু জানেন না; মামলায় তাই তার নাম জড়ানো অযৌক্তিক— এই ভিত্তির ওপর মামলাটি খারিজ করার আপিল করেছিলেন মেসির আইনজীবী। কিন্তু এই যুক্তি গ্রহণযোগ্য নয়।

কারণ তার বাবা দেখাশোনা করলেও নিজের আর্থিক অবস্থা সম্পর্কে অবশ্যই একজন মানুষ জ্ঞান রাখেন। আর এই ধরনের অপরাধের ক্ষেত্রে দোষী প্রমাণিত হওয়ার জন্য একজন মানুষের আর্থিক বিষয়-আশয়ের পুরো জ্ঞান থাকার প্রয়োজন নেই।’

লিওনেল মেসির আপিল তাই খারিজ করে দেয়া হয়েছে এবং আয়কর ফাঁকির মামলায় বর্তমান বিশ্বের এই অন্যতম সেরা ফুটবলারকে বিচারের সম্মুখীন হতে হবে।

অবশ্য এই রায়ের বিপক্ষেও আবেদন করার সুযোগ রয়েছে মেসির। সে ক্ষেত্রে আগামী ৫ দিনের মধ্যে তাকে আপিল করতে হবে।

উল্লেখ্য, মেসি ও তার বাবা জর্জ মেসি অসাধু উপায়ে প্রায় ৩.৪ মিলিয়ন পাউন্ড কর ফাঁকি দিয়েছেন, এই অভিযোগে বেশ ক’মাস আগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে স্প্যানিশ আদালতে। বলা হয়েছে, ২০০৭ থেকে ২০০৯ সালের মাঝামাঝি সময়ে উল্লেখিত পরিমাণ অর্থের আয়কর ফাঁকি দিয়েছেন মেসি ও সিনিয়র মেসি। যদিও শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছেন মেসি ও তার বাবা।

কেএইচ