আর্জেন্টাইন স্ট্রাইকার লিওনেল মেসির সঙ্গে নতুন চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। শুক্রবার ক্লাবটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
মেসির সঙ্গে চুক্তি নবায়ন করতে গত কয়েক সপ্তাহ আলোচনা চলছিল। অবশেষে মৌসুমে ২০ মিলিয়ন ইউরোতে নতুন চুক্তি করতে সম্মত হয়েছেন মেসি। এই চুক্তি স্বাক্ষরিত হলে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় হবেন তিনি।
এক বিবৃতিতে বার্সা জানায়, লিও মেসি ও ফুটবল ক্লাব বার্সেলোনা নতুন এক চুক্তির বিষয় সম্মত হয়েছেন। আগামী কয়েক দিনের মধ্যেই চুক্তিতে স্বাক্ষর করা হবে।'
২০০৪ সালে মাত্র ১৭ বছর বয়সে বার্সেলোনায় অভিষেক হয় মেসির। এরপর খেলেছেন ৪২৪টি ম্যাচ। এ পর্যন্ত ক্লাবটির হয়ে ৩৫৪ গোল করেছেন তিনি।
গত বছরের ফেব্রুয়ারিতে বার্ষিক ১২.৫ মিলিয়ন ইউরোতে মেসির সঙ্গে চুক্তি নবায়ন করেছিল বার্সা। কিন্তু পরে ক্রিস্টিয়ানো রোনালদোকে আরো বেশি অর্থ দেয় রিয়াল মাদ্রিদ। এরপর মেসির সঙ্গেও চুক্তি নবায়ন করছে কাতালান ক্লাবটি।
শুক্রবার বার্সা কোচ জেরার্ডো মার্টিনো বলেছেন, এটা মেসির মনে প্রশান্তি এনে দিবে। বিশেষ করে ক্লাবেরও ভালো লাগবে যে তারা বিশ্বের সবচেয়ে সেরা খেলোয়াড়কে দলে রাখছে।
এই মৌসুম শেষে বার্সা ছেড়ে চলে যাবেন মার্টিনো। তার স্থলাভিষিক্ত হবেন লুইস এনরিকস।
ঢাকা, ১৬ মে (টাইমনিউজবিডি) //জেডআই