ক্রীড়াজগতে কোচকে বরখাস্ত করার ‘রীতি’বেশ পুরাতনই। অনেক সময় বরখাস্ত করা হয় এক বা একাধিক খেলোয়াড়কেও। কিন্তু তাই বলে কোচসহ গোটা দলকেই বরখাস্ত! হ্যাঁ, সম্প্রতি এমন অবাক করা নজিরই স্থাপন করেছে নাইজেরিয়ার ক্রিকেট ফেডারেশন। সংস্থাটি দেশের জাতীয় ক্রিকেট দলকে ‘বাতিল’ঘোষণা করেছে।
অপরাধ কী নাইজেরিয়া জাতীয় ক্রিকেট দলের?
সম্প্রতি আইসিসি বিশ্ব ক্রিকেটের পঞ্চম ডিভিশনে খেলতে যুক্তরাজ্যের জার্সি দ্বীপপুঞ্জে গিয়েছিল নাইজেরিয়া দল। স্বাগতিক জার্সি ও নাইজেরিয়া ছাড়াও এই টুর্নামেন্টে আরো অংশ নেয় ভানুয়াতু, ওমান, গুয়েরেনসে ও তানজানিয়া। আর এই লিগে সব ম্যাচ হেরে ছয় দলের মধ্যে পঞ্চম হয়েছে নাইজেরিয়া।
দলের এই পারফরম্যান্স মেনে নিতে পারেনি নাইজেরিয়া ক্রিকেট ফেডারেশন। আবুজায় এক সংবাদ সম্মেলন করে তাই নাইজেরিয়ার ক্রিকেট ফেডারেশন প্রধান এমেকা ওনিয়েমা দেশের জাতীয় ক্রিকেট দলকে ‘বাতিল’ঘোষণা করেন।
এমেকা ওনিয়েমা বলেন, ‘এই দলটিকে তিনটি ধাপে ক্যাম্পেইন করানো হয়েছে, যেটি ছিল দুই মাসের। সেখানে ৪০ জন খেলোয়াড় থেকে সেরা ১৪ জন বাছাই করা হয়েছিল। তবে এই টুর্নামেন্টে তাদের সফলতার কোনো ছিটেফোঁটাও দেখা যায়নি।’
তিনি আরো বলেন, ‘সম্প্রতি নাইজেরিয়া ক্রিকেট দলের সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে। টুর্নামেন্টে যাওয়ার আগেই প্রথমবারের মতো ক্রিকেট দলের প্রতিটি খেলোয়াড়কে দৈনিক ১০০ ডলার করে ভাতা দেওয়া হয়েছিল। এত কিছুর পরেও দলটি আমাদের সম্মানজনক ফল এনে দিতে ব্যর্থ হয়েছে।’
শিগগিরই নাইজেরিয়া ক্রিকেট দলের নতুন কোচিং স্টাফ ও খেলোয়াড়দের নাম ঘোষণা করা হবে বলেও জানান ওনিয়েমা। তার মতে, দেশের ক্রিকেটের প্রতি যাদের দায়িত্ববোধ আছে, তারাই কেবল এই দলে জায়গা পাবেন।
এফএফ





