ঢাকায় প্রথম টেস্ট ম্যাচ হেলায় জিতেছে শ্রীলঙ্কা। স্বাগতিক বাংলাদেশকে ইনিংস ও ২৪৮ রানের বড় ব্যাবধানে হারের লজ্জা দিয়েছে তারা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচে ব্যাট-বল ও ফিল্ডিংয়ে কোথাও নৈপুণ্য দেখাতে পারেনি সাকিব আল হাসান কিংবা তামিম ইকবালরা। কিন্তু তারপরের বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছেন না লঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। বরং চট্টগ্রাম টেস্টে টাইগারদের নিকট থেকে প্রবল প্রতিরোধের প্রত্যাশা সাঙ্গাকারার ।
গেল বছরে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের স্মৃতি উল্লেখ করে সাঙ্গাকারা বলেন, ‘বাংলাদেশ সর্বশেষ শ্রীলঙ্কা সফরে আমাদের বিরুদ্ধে দারুণ প্রতিরোধ গড়েছিল। একটি টেস্টে ড্র করেছিল। এরপর পরের টেস্টেও ভালো করেছিল। যদিও শেষ পর্যন্ত হেরে যায় তারা। আর ওয়ানডেতে ১-১ স্কোরলাইন করে তারা। যে রকমটি সচরাচর দেখা যায় না। তবে চলতি সিরিজেও এর ব্যতিক্রম কিছুর প্রত্যাশা করিনি আমরা। যদিও ঢাকায় প্রথম টেস্টে খুব সহজেই জিতেছি আমরা। তবে এখানে (চট্টগ্রামে) নতুন আরেকটি টেস্টে স্বাগতিকরা নিশ্চয়ই ভিন্ন কিছু করে দেখাতে চাইবে। প্রতিরোধ গড়ে তুলতে চাইবে। আমরা সেরকটি প্রত্যাশা করছি।’
ঢাকায় প্রথম টেস্টে শর্ট বলে নাস্তানাবুদ হয়েছে বাংলাদেশী ব্যাটসম্যানরা। মঙ্গলবার চট্টগ্রামে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টেও কী সেই অবস্থাটা বহাল থাকবে। এই বিষয়টিতে দার্শনিক হয়ে গেলেন সাঙ্গা। তার ভাষ্য, ‘সবসময় একই পরিকল্পনা নিয়ে সফল হতে পারবেন না আপনি। আপনাকে পরিকল্পনা বদলাতে হবে। আর এখানকার উইকেটটাও একটু ভিন্ন মনে হচ্ছে। কোন ঘাস নেই। তবে তারপরেও শট বলে সাফল্য পাওয়া সম্ভব।’

[b]ঢাকা, ২ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি . কম ) // এএস[/b]