চতুর্থ দিনের প্রথম সেশনটা দারুণ কাটলো বাংলাদেশের। এই সেশনে ক্যারিবিয়ানদের ৩টি উইকেট শিকার করেছে স্বাগতিকরা।
মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬ উইকেটে ৯৮ রান। লিডের পরিমাণ ২১১।
প্রথম ইনিংসের ফর্ম ধরে রেখেই দ্বিতীয় ইনিংসেও দারুণ শুরু করেন আবু জায়েদ রাহী। চতুর্থ দিনের প্রথম উইকেটও এনে দেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের নাইটওয়াচম্যান জোমেল ওয়ারিকানকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন এই পেসার। ৫০ রানে ৪ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।
ওয়ারিকান ফেরার পরে মাঠে নামেন কাইল মেয়ার্স। প্রথম টেস্টে একাই বাংলাদেশকে হারিয়ে দিয়েছিলেন এই ব্যাটসম্যান। সেই ম্যাচেও বাংলাদেশের আক্ষেপ ছিল রিভিউ না নেওয়ার। আজ সকালেও সেই আক্ষেপে পুড়েছিল বাংলাদেশ। রাহীর বলে ক্যাচ নিয়ে আউটের আবেদন জানান লিটন দাস কিন্তু আম্পায়ার ছিলেন অনড়। অধিনায়ক মুমিনুল হকও লিটনের সাথে কিছুক্ষণ কথা বলে না রিভিউ না নেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু পরে রিপ্লাইতে দেখা যায় সেটি আসলে আউট ছিল।
তবে এই রিভিউ না নেওয়ার জন্য বাংলাদেশকে খুব বেশি আক্ষেপ করতে হয়নি। কিছুক্ষণের মধ্যেই মেয়ার্সকে সাজঘরের পথ দেখান সেই রাহী। এবারে মেয়ার্স পড়েন এলবিডব্লিউয়ের ফাঁদে। তিনি কিন্তু রিভিউ নিতে কার্পণ্য করেননি, তবে সফলতা পাননি। ৬২ রানে ওয়েস্ট ইন্ডিজের ৫টি উইকেট শিকার করে বাংলাদেশ।
৭৩ রানের মাথায় ওয়েস্ট ইন্ডিজ শিবিরে ষষ্ঠ আঘাত হানেন তাইজুল। জার্মেইন ব্ল্যাকউড স্ট্যাম্পিং হয়ে সাজঘরের পথ ধরেন। ১০ বলে ৯ রান করেন ব্ল্যাকউড। তারপর এনক্রুমাহ বনারের সাথে জুটি গড়েন জশুয়া ডা সিলভা। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত তাদের সংগ্রহ ৬ উইকেটে ৯৮ রান। বনার ৩০ রানে ও জশুয়া ২০ রানে অপরাজিত আছেন। ওয়েস্ট ইন্ডিজের লিড ২১১ রান।
এই সেশনে ওয়েস্ট ইন্ডিজ কেবল ৫৭ রান সংগ্রহ করেছে। বাংলাদেশ শিকার করেছে ৩টি উইকেট। রাহী ২টি ও তাইজুল ১টি উইকেট নিয়েছেন।বিডিক্রিকটাইম
সংক্ষিপ্ত স্কোর
টস: ওয়েস্ট ইন্ডিজ
ওয়েস্ট ইন্ডিজ ৪০৯/১০ (১ম ইনিংস)
বাংলাদেশ ২৯৬/১০ (৯৬.৫ ওভার)
লিটন ৭১, মিরাজ ৫৭, মুশফিক ৫৪, তামিম ৪৪, মুমিনুল ২১, মিঠুন ১৫, শান্ত ৪, সৌম্য ০;
কর্নওয়াল ৫/৭৪, গ্যাব্রিয়েল ৩/৭০, জোসেফ ২/৬০।
ওয়েস্ট ইন্ডিজ ৯৮/৬ (৪৮ ওভার)
বনার ৩০*, জশুয়া ২০*, ক্যাম্পবেল ১৮;
তাইজুল ২/৩১, রাহী ২/৩২, মিরাজ ১/১৪, নাঈম ১/২০।
ওয়েস্ট ইন্ডিজের লিড ২১১ রান।
এমবি





