বিশ্বকাপ বাছাই পর্বে জর্ডানের কাছেও বড় ব্যবধানে হারল বাংলাদেশ। মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৪-০ গোলে হেরেছেন মামুনুলরা।

২০১৮ বিশ্বকাপের বাছাই পর্বে এটি বাংলাদেশের চতুর্থ ম্যাচ। এর মধ্যে তিনটিতেই হারল। বাকিটি ড্র করেছে তারা। গত সপ্তাহে অস্ট্রেলিয়ার মাটিতে হেরেছিল ৫-০ গোলে। তার আগে কিরগিজিস্তানের কাছে ঘরের মাঠে ৩-১ গোলে হেরেছিল। ১-১ গোলে ড্র করেছিল তাজিকিস্তানের বিপক্ষে।

এদিন খেলার ১২ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় বাংলাদেশ। তবে জুয়েল রানার বাড়ানো বল জর্ডানের ফাঁকা গোলপোস্ট লক্ষ্য করে শট নিতে পারেননি অভিজ্ঞ ফরোয়ার্ড এমিলি।

বাংলাদেশ ভুল করলেও জর্ডান ভুল করেনি। খেলার ১৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সফরকারীদের এগিয়ে নিয়েছেন আবদাল্লাহ দিভ। এর পর ৩৩ মিনিটে সংঘবদ্ধ একটি আক্রমণের সফল সমাপ্তি টেনে দলকে ২-০ গোলে এগিয়ে নিয়েছেন জর্ডানের মন্তার আবু আমারা।

প্রথমার্ধের শেষদিকে আরও একবার গোল করার সুযোগ পেয়েছেন জুয়েল রানা। তবে পোস্টের বাইরে দিয়ে তিনি বল মারায় এবারও গোলবঞ্চিত হতে হয়েছে বাংলাদেশকে।

বিরতির পর খেলার ৫৭ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করার সঙ্গে দলকে ৩-০ গোলে এগিয়ে নিয়ে যান আবদাল্লাহ দিভ। এর ২ মিনিট এক হালি গোল পূর্ণ করেন ইয়াসিন বাখিত।

তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোণঠাসা অবস্থায় থাকলেও র‌্যাঙ্কিংয়ে ৮২ ধাপ এগিয়ে থাকা জর্ডানের বিপক্ষে কিন্তু বেশ আক্রমণাত্মক ফুটবলই খেলেছে বাংলাদেশ। একাধিক গোলের সুযোগও সৃষ্টি হয়েছে। কিন্তু ফিনিশিং দুর্বলতা আর বড় ম্যাচের চাপ সামলোনার অভিজ্ঞতা না থাকায় একটি গোলেরও দেখা পায়নি স্বাগতিকরা।

জেডআই