বিশ্বকাপ ফাইনাল ম্যাচে সর্বশেষ জার্মানি-আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল ইতালির মাঠে। সেই ১৯৯০ সাল থেকে দীর্ঘ ২৪ বছর পর ২০১৪ বিশ্বকাপের ফের ফাইনাল ম্যাচে মুখোমুখি হচ্ছে দল দুটি। মজার বিষয় হলো, এবার তাদের ফাইনাল ম্যাচে রেফারির দায়িত্ব পালন করবেন এক ইতালিয়ান। নিকোলা রিজোলি নামে এই রেফারি রোববার ব্রাজিল বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচটি পরিচালনা করবেন।
৪২ বছর বয়সী রিজোলি ২০১৪ বিশ্বকাপে ইতোমধ্যে তিন ম্যাচ পরিচালনা করেছেন। গ্রুপ পর্বে স্পেন-নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা-নাইজেরিয়ার ম্যাচে তিনি দায়িত্ব পালন করেছেন। এরপর কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও বেলজিয়ামের ম্যাচেও ছিলেন এই রেফারি।
স্থপতি রিজোলি ২০০৭ সাল থেকে রেফারিং ক্যারিয়ার শুরু করেন। ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় তার নতুন পথচলা শুরু হয়। ২০১১ সালে ফিফা ক্লাব বিশ্বকাপে দায়িত্ব পালন করেন তিনি। এরপর সুযোগ পেলেন বিশ্বকাপে।
রিজোলি তৃতীয় ইতালিয়ান হিসেবে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে রেফারিং করবেন। সার্জিও গুনেলা ১৯৭৮ সালে প্রথম ইতালিয়ান হিসেবে ফাইনাল ম্যাচে রেফারির দায়িত্ব পান। ওই বিশ্বকাপে ফাইনাল ম্যাচে খেলেছিল আর্জেন্টিনা। সেবার প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল দলটি। এবার আর্জেন্টিনার তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মিশন। এই মিশনে ইতালির তৃতীয় রেফারি পেল মেসিরা।
রিজোলির সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন স্বদেশী রেনাতো ফাভেরানি ও আন্দ্রে স্টিফানি। তার উভয়ই রিজোলির চেয়ে বয়সে দুই বছরের বড়। চতুর্থ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পেয়েছেন ইকুয়েডরের কার্লোস ভেরা।
ঢাকা, ১২ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





