রজার্স কাপ টেনিস টুর্নামেন্টে মহিলা এককে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন শীর্ষ বাছাই যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। তার সঙ্গী হয়েছেন দ্বিতীয় বাছাই রোমানিয়ার সিমোনা হালেপ ও পঞ্চম বাছাই সার্বিয়ার আনা ইভানোভিচ।

ইউএস ওপেনের প্রস্তুতি হিসেবে রজার্স কাপে নিজেকে ভালোভাবেই ঝালিয়ে নিচ্ছেন সেরেনা। তৃতীয় রাউন্ডের বাধাঁ পেরিয়ে শেষ আটে পৌঁছে গেছেন তিনি। ষোড়শ বাছাই জার্মানির আন্দ্রে পেটকোভিচকে ৬-৩ ও ৬-২ গেমে পরাজিত করেন সেরেনা।

এদিকে ত্রয়োদশ বাছাই জার্মানির অ্যাঞ্জেলিক কারবারের বিপক্ষে প্রথম সেটে ৬-৩ গেমে জিতেন হালেপ। তবে পরের সেট ৭-৫ গেমে জিতে ম্যাচে সমতা আনেন কারবার। আর তৃতীয় ও শেষ সেট ৬-৪ গেমে জিতে শেষ আটে নাম লেখান হালেপ।

সহজ জয়ে শেষ আট নিশ্চিত করেছেন ইভানোভিচও। ৬-২ ও ৬-৩ গেমে অবাছাই স্লোভেনিয়ার পোলোনা হারকগকে হারিয়েছেন ইভানোভিচ।

জেডআই