প্রাক মৌসুম লড়াইটা ভালো হয়নি স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার। আন্তর্জাতিক চ্যাম্পিয়ন কাপে টানা তিন ম্যাচ হারল গত মৌসুমে ট্রেবল জয়ীরা।
রোববার আর্তেমিও ফ্রাঞ্চি স্টেডিয়ামে ফিওরেন্টিনার বিপক্ষে ২-১ গোলে হেরেছে বার্সেলোনা। উয়েফা সুপার কাপে সেভিয়ার বিপক্ষে মাঠে নামার ৯ দিন আগে এমন হারের স্বাদ পেল কোচ লুইস এনরিকের শিষ্যরা।
ম্যাচের শুরুতেই মেসি-নেইমারবিহীন বার্সাকে ঝাঁকুনি দেন ফেডেরিকো বার্নারদেশি। ১২ মিনিটের মধ্যেই বার্সাকে ২-০ গোলে পিছিয়ে দেন এই তরুণ তারকা। দ্রুত লুইস সুয়ারেজ একটি গোল শোধ করতে পারলেও দলকে হারের হাত থেকে রক্ষা করতে পারেননি।
পেদ্রো ও সুয়ারেজ অনেকগুলো সুযোগ পেলেও দলকে অন্তত পেনাল্টি শটে ভাগ্য নির্ধারণ করার সুযোগ এনে দিতে পারেননি।
এদিন খেলার চার মিনিটে ভালেরোর ক্রস থেকে আসা বল চমৎকার হেডে জালে জড়িয়ে দিয়ে ফিওরেন্টিনাকে এগিয়ে দেন বার্নারদেশি।
খেলার ১২ মিনিটে ২১ বছর বয়সী এই তারকাকে গোলপোস্ট থেকে মাত্র ১০ গজ দূরে পেয়ে বল বাড়িয়ে দেন জ্যাকুইন। এবারও ঠাণ্ডা মাথায় চমৎকার সমাপ্তি এনে দিতে ভুল করেননি বার্নারদেশি।
পাঁচ মিনিট পর ইভান র্যাকিটিচের কাছ থেকে বল পেয়ে সেটি জালে জড়িয়ে দিয়ে দলকে দ্রুতই কিছুটা স্বস্তিতে ফিরিয়ে আনেন সুয়ারেজ। কিন্তু শেষ পর্যন্ত আর গোল করতে না পারায় হার নিয়েই মাঠ ছাড়তে হয় কাতালান ক্লাবটিকে।
জেডআই





