বিপদে আছে নেদারল্যান্ডস। প্রথম ম্যাচে স্পেনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে তারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাই প্রত্যাশার পাহাড় দাঁড়িয়ে আছে ডাচদের সামনে। ৪ বছর আগে আফ্রিকায় তাদের স্বপ্নের ছুটে চলায় দাড়ি টেনেছিল স্পেন। লাতিন বিশ্বকাপে সেই চ্যাম্পিয়নদের হারিয়েই নতুন স্বপ্নের বীজ বুনেছে নেদারল্যান্ডস।

বুধবার ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা। এ ম্যাচে জয় মানেই পাওয়া যাবে দ্বিতীয় রাউন্ডের ছাড়পত্র। ওদিকে প্রথম ম্যাচে চিলির কাছে হেরে থাকা অস্ট্রেলিয়ার জন্য এটা হচ্ছে বাঁচা-মরার লড়াই। নেদারল্যান্ডসকে রুখে দেয়ার প্রতিজ্ঞা ‘সকারুজ’দের।

প্রথম ম্যাচে অমন একটা জয়ের পর স্বাভাবিকভাবেই ফুটবল বিশ্বে নতুন আলোচিত নাম হয়ে উঠেছে নেদার‌ল্যান্ডস। টোটাল ফুটবলের জনকদের সুদিন ফিরে আসছে–এমনটাই বলছেন সমালোচকরা। এটা একদিকে যেমন মনোবল উস্কে দিচ্ছে পার্সি-রবেন-স্নেইডারদের, ঠিক তেমন করেই বাড়িয়ে দিচ্ছে প্রত্যাশার চাপ।

 ডাচ অধিনায়ক রবিন ভ্যান পার্সির ভাষায়, ‘ব্যক্তিগতভাবে পঞ্চমবারের মতো মেজর টুর্নামেন্টে খেলছি আমি। প্রত্যাশার চাপ অনুভব করছি। তবে আমার দল ভালো করেই জানে কিভাবে এ চাপ কাটিয়ে উঠতে হয়।’

দলের মানসিক চাপ লাঘব করতেই ডাচ কোচ লুই ভ্যান গাল ফুটবলারদের স্ত্রী ও গার্লফ্রেন্ডদের টিম হোটেলে আসার অনুমতি দিয়েছেন। তার মতে, এতে করে সবাই ফুরফুরে মেজাজে মাঠে নামবে। প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে ঝলসে উঠেছিলেন নেদারল্যান্ডসের দুই সুপার স্টার ভ্যান পার্সি এবং আর্জেন রবেন। অস্ট্রেলিয়ার বিপক্ষেও তাদের দিকে তাকিয়ে ভক্তরা। সঙ্গে গত আসরের সাড়া জাগানো অ্যাটাকিং মিডফিল্ডার ওয়েসলি স্নেইডার তো থাকছেনই।

এদিকে তারুণ্যে উজ্জীবিত ডাচদের রুখতে সর্বশক্তি প্রয়োগের লক্ষ্য অস্ট্রেলিয়ার। তবে খুব বেশি আশার বাণী নেই তাদের শিবিরে। দলের একমাত্র অভিজ্ঞ তারকা টিম কাহিলের ওপরই মূল ভরসা রাখতে হচ্ছে তাদের। ইনজুরির কারণে খেলবেন না অভিজ্ঞ রাইট-ব্যাক ইভান ফ্রাঞ্জিক।

স্পেনের বিপক্ষে সের্গিও রেমোসকে পেছনে ফেলে ঘণ্টায় ৩৭ কিলোমিটার বেগে যে ছুট দিয়েছিলেন ডাচ যাদুকর রবেন- সেটা বল নিয়ে যে কোনো ফুটবলারের সবচেয়ে বেশি ছোটার রেকর্ড। ৩০ বছর বয়সী ওই গতির দানবকে কি করে রুখবে অস্ট্রেলিয়ানরা? উত্তর মিলবে বুধবার বাংলাদেশ সময় রাত ১০টায়। পোর্তো আলেগ্রের এস্তাদিও বেইরা-রিও মাঠে তখনই ‘অরেঞ্জ’ খ্যাত নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ‘সকারুজ’ অস্ট্রেলিয়া।

ঢাকা, ১৮ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই