টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ডোয়াইন ব্রাভো। তবে সীমিত ওভারের খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।

২০১০ সালের ডিসেম্বর থেকে কোনো টেস্ট ম্যাচ খেলার সুযোগ পাননি ব্রাভো। এদিকে ওয়ানডেতে জ্যাসন হোল্ডারের কাছে অধিনায়কত্ব হারানোর পর দক্ষিণ আফ্রিকা সফর ও বিশ্বকাপ দল থেকেও বাদ পড়েছেন তিনি। এরপরই এমন ঘোষণা দিলেন এই ক্রিকেটার।

গত বছরের শেষের দিকে ভারত সফরে নেতৃত্বে ছিলেন ব্রাভো। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে বেতন-ভাতা নিয়ে বিরোধের জের ধরে তার দল ভারত সফরের মাঝামাঝি পর্যায় এসে নিজেদেরকে খেলা থেকে প্রত্যাহার করে নেয়।

দল থেকে ব্রাভোর বাদ পড়া নিয়ে তার আইনজীবী অভিযোগ করেছেন যে তার প্রতি অবিচার করা হয়েছে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান বলেছেন যে এখানে কোনো ব্যক্তিস্বার্থ জড়িত নয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচের জন্য তাকে বিশ্রামে রাখা হয়েছে। তার সঙ্গে বোর্ডের কেন্দ্রীয় চুক্তিও রয়েছে।

অবসরের ঘোষণা দেয়া বিবৃতিতে ব্রাভো আরো বলেছেন যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ও এর সহযোগীদের জন্য এটা একটি কঠিন সময়। তবে এটাও জানিয়েছেন যে ওয়েস্ট ইন্ডিয়ান হিসেবে গর্ববোধ করে এখনও তিনি বোর্ডর সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চান।

জেডআই