স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগের লড়াইয়ে জয়ের দেখা পায়নি মাদ্রিদের দুই ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার ১১- গোলে ড্র করেছে দল দুটি।

সান্টিয়াগো বার্নাব্যুতে প্রথমার্ধে সুযোগ পেলেও কোনো দলই গোল করতে পারেনি। যদিও সফরকারী অ্যাটলেটিকোর মারিও মান্ডজুকিচ ও সাউল চেষ্টা করেছিলেন। কিন্তু তাদের হতাশ করে বল গ্লাভসবন্দি করেছেন রিয়াল মাদ্রিদের গোলরক্ষক ইকার ক্যাসিয়াস। একই ভাবে হতাশ হয়েছেন রদ্রিগেজ ও বেনজামারা।

বিরতির পর দারুণ সুযোগ নষ্ট করেছেন গ্যারেথ বেল। অবশ্য তাকে গোলবঞ্চিত করেছেন অ্যাটলেটিকোর গোলরক্ষক মিগুয়েল অ্যাঞ্জেল মোয়া। ফ্রান্স ফরোয়ার্ড করিম বেনজামার হেডও নিপুণভাবে ঠেকিয়ে দিয়েছেন তিনি।

অবশ্য গোল পেতে মরিয়া মাদ্রিদের যোদ্ধারা প্রচেষ্টায় কোনো ঘাটতি রাখেননি। তাই ৮১ মিনিটে জালের ঠিকানা খুঁজে পেয়েছে তারা। এই মৌসুমে মোনাকো থেকে রিয়াল মাদ্রিদে আসা জেমস রদ্রিগেজ বোকা বানিয়েছেন গোলরক্ষককে। শেষদিকে এগিয়ে যাওয়ার পর তাকে তুলে নিয়ে বদলি হিসেবে ক্রিশ্চিয়ানো রোনালদোকে মাঠে নামিয়েছিলেন আনচেলত্তি।

দুর্ভাগ্য, পর্তুগিজ তারকা গোল করতে পারেননি। বরং খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে রাউল গার্সিয়ার গোলে সমতায় ফিরেছে অ্যাটলেটিকো। তাই ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে রোনালদোদেরকে। আগামী ২৩ আগস্ট ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল।

ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম,জেডআই