ফিফার বর্ষসেরা গোলের পুরস্কার পুসকাস অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকায় আছেন লিওনেল মেসি ও নেইমার। আছেন আথলেটিকো মাদ্রিদের সাউল নিগেসও।

তবে ১০ জনের এই তালিকা থেকে বাদ পড়েছেন এ বছরের ব্যালন ডি’অর পুরস্কার জয়ে সবচেয়ে ফেভারিট পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনাল্ডো।

সবশেষ ১২ মাসে হওয়া গোলগুলোর মধ্যে সেরাটির জন্য পুসকাস অ্যাওয়ার্ড দেয়া হয়।

মেসি পুসকাস অ্যাওয়ার্ডের ১০ জনের তালিকায় আছেন গত জুন মাসে কোপা আমেরিকার শতবর্ষী আসরের সেমি-ফাইনালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে আর্জেন্টিনার ৪-০ ব্যবধানে জেতা ম্যাচে ফ্রি-কিক থেকে করা গোলটির জন্য।

নেইমার অসাধারণ এক ভলি থেকে গোলটি করেছিলেন লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে।

সাউলের একক নৈপুণ্যের গোলটি ছিল গত এপ্রিলে বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে।

তালিকায় আরো আছেন- মারিও গাসপার (স্পেন), হ্যালোম্ফো কেকানা (দক্ষিণ আফ্রিকা), মারলন (ব্রাজিল/করিন্থিয়ানস), হাল রবসন-কানু (ওয়েলস), সিমন স্ক্রাব (ফিনল্যান্ড/গেফল), দানুস্কা রোদ্রিগেস (ভেনিজুয়েলা), মোহাম্মদ ফাইয়াজ সাবরি (মালয়েশিয়া/পেনাং)।

ফুটবলপ্রেমীদের ভোটের মাধ্যমে তিনজনের সংক্ষিপ্ত তালিকা করা হবে। এর পর আরেকবার ভোটের মাধ্যমে জয়ী নির্বাচন করা হবে।

বর্ষসেরা গোলদাতার নাম ঘোষণা করা হবে আগামী ৯ জানুয়ারি ফিফা বর্ষসেরা পুরস্কারের রাতে।

এমবি