বিশ্বকাপে ‘এ’ গ্রুপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক।

প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৭৬ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া। জয়ের জন্য শ্রীলঙ্কাকে করতে হবে ৩৭৭ রান।

ব্যাট হাতে ঝড় তোলেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। তিনি মাত্র ৫১ বলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন। আউট হওয়ার আগে তিনি ৫২ বলে ১০২ রান করেন। এই রান করতে তিনি ১০টি চার ও ৪টি ছক্কা হাঁকান। রানের দেখা পেয়েছেন মাইকেল ক্লার্ক, স্টিভেন স্মিথ ও ওয়াটসন। ক্লার্ক ৬৮, স্মিথ ৭২ ও ওয়াটসন করেন ৬৭ রান। ব্রাড হাডিন মাত্র ৯ বলে ২৫ রানের এক ইনিংস খেলেন।

বল হাতে শ্রীলঙ্কার মালিঙ্গা ও পেরেরা ২টি করে উইকেট নিয়েছেন।

ব্যাট করতে নেমে ম্যাচের পঞ্চম ওভারের দ্বিতীয় বলে লাসিথ মালিঙ্গা ফেরান ডেভিড ওয়ার্নারকে। মালিঙ্গার বলে হাফ হার্টেড শট খেলেন ওয়ার্নার। বলটি চলে যায় এক্সট্রা কাভার অঞ্চলে দাঁড়িয়ে থাকা প্রসন্নের হাতে। তিনি বিনা দ্বিধায় লুফে নেন ক্যাচটি।
অষ্টম ওভারে সেকুজি প্রসন্নের করা চতুর্থ বলে এগিয়ে এসে মারতে চান ফিঞ্চ। কিন্তু বলটির লাইন যেতে পারেননি তিনি। উইকেট রক্ষক কুমার সাঙ্গাকারা বল ধরেই স্ট্যাম্প ভেঙে দেন। ৩২তম ওভারের পঞ্চম বলে ক্লার্ককে (৬৮) বোল্ড করেন মালিঙ্গা। ৩৩তম ওভারের তৃতীয় বলে দিলশানকে উড়িয়ে মারতে গিয়ে থিসারা পারেরার হাতে ধরা পড়েন স্মিথ (৭২)।

ওয়াটসনের সঙ্গে ১৬০ রানের জুটি করে ব্যক্তিগত ১০২ রানে আউট হয়ে ফিরে যান গ্লেন ম্যাক্সওয়েল। রান আউট হয়ে শূন্য রানে ফিরে যান ফকনার। পারেরার বলে চান্দিমালের হাতে ক্যাচ দিয়ে আউট হন ওয়াটসন। এরপর ম্যাথুসের বলে পারেরা হাতে ক্যাচ দিয়ে ফেরত যান হাডিন। সবশেষ মিশেল স্টার্ক শূন্য রানে রান আউট হন।

শ্রীলঙ্কা দলে আজ তিনটি পরিবর্তন আনা হয়েছে। ইনজুরি আক্রান্ত দিমুথ করুনারত্নে, রঙ্গনা হেরাথ ও সুরাঙ্গা লাকমলের পরিবর্তে দলে এসেছেন সেকুজি প্রসন্ন, উপল থারাঙ্গা ও সচিত্রা সেনানায়েকে।

চার ম্যাচের তিনটিতে জিতে শ্রীলঙ্কা পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে চার ম্যাচের দুটিতে জিতে একটি হেরে ও একটিতে টাই করে ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া।

জেএ