বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) প্রেসিডেন্ট জাগমহন ডালমিয়ার মৃত্যুর পর ভারতের ক্রিকেটে সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার পদ নিয়ে যুদ্ধ শুরু হয়েছে। সোমবার থেকেই নানামুখি প্রতিদ্বন্দ্বিতা নিয়ে বিশেষজ্ঞ মতামত দিয়ে ভবিষ্যৎবাণী আসতে শুরু করেছে।

রোববার কোলকাতার একটি হাসপাতালে পরলোকগমন করেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি ডালমিয়া। এসময় তার হৃৎপিন্ডের অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। যেখান থেকে তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

টেলিভিশন সম্প্রচার স্বত্ব থেকে বিপুল অর্থ আয়ের পথ তৈরি করে দিয়ে ভারতীয় ক্রিকেটকে আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে শক্তিশালী অবস্থায় পৌছে দেয়ার প্রধান কারিগর ছিলেন ৭৫ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাওয়া সংগঠক ডালমিয়া। যে কারণে সর্বমহলে চলছে তার বন্ধনা।

তবে পর্যবেক্ষকরা সতর্ক করে দিয়ে বলেছেন যে বোর্ড সভাপতির মৃত্যুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষ পদটি দখলের জন্য নতুন করে শুরু হতে পারে নোংরা রাজনীতি। বিশেষ করে এই সুযোগটিকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভাপতি বিতর্কিত সংগঠক নারায়নাস্বামী শ্রীনিভাশন ফের শীর্ষ পদটি দখলের পায়তারা করতে পারেন।

শ্রীনিবাসনের স্বেচ্চাচারিতা এবং দুর্নাম ছড়িয়ে পড়ার কারণে ফের ভারতীয় ক্রিকেটের সভাপতির দায়িত্ব গ্রহন করেন ডালমিয়া। তবে স্বল্প সময়ের মধেই তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান পরপারে।

সোমবার বিকেলে কোলকাতায় সম্পন্ন হবার কথা রয়েছে ডালমিয়ার শবযাত্রা। বিশিষ্ট ক্রিকেট ধারাভাষ্যকার আয়াজ মেমন বলেছেন, ডালমিয়া ছিলেন একমাত্র ব্যক্তি যিনি বোর্ডের প্রতিদ্বন্দ্বী গ্রুপ গুলোকে একটি শৃঙ্খলার মধ্যে আনতে সক্ষম হয়েছিলেন। দুটি শক্তিশালী গ্রুপের মধ্যে বোর্ডের ক্ষমতা দখলের জন্য নিয়মিত অন্ত:র্দ্বন্দ্ব থাকলেও সেটি কখনো প্রকাশ্যে আসেনি।

হিন্দুস্তান টাইমস বলেছে যে শ্রীনিভাসন ও বিসিসিআইয়ের বর্তমান সাধারণ সম্পাদক অনুরাগ ঠাকুরের সমর্থকরা এরই মধ্যে শীর্ষ পদটি দখলের জন্য তৎপরতা শুরু করে দিয়েছে। বিসিসিআই’র জন্য সামনে কঠিন একটি সময় অপেক্ষা করছে বলে এতে ভবিষ্যৎ বাণী করা হয়।

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) ফ্রেঞ্চাইজির মালিকানা নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ার কারণে দোষী সাব্যস্ত হয়ে বিসিসিআই’র সভাপতির পদ ছাড়তে বাধ্য হয়েছিলেন শ্রীনিভাসন।

অনুরাগ ঠাকুর হচ্ছেন ভারতীয় জনতা পার্টির যুব উইংয়ের প্রধান। এছাড়া তার সংসদ সদস্য পদটি শ্রীনিভাসনের মত শক্তিধর পক্ষের সঙ্গে লড়াইয়ে ভুমিকা রাখছে। যে কারণে তিনি বোর্ডে এখনো নিজের ক্ষমতা ধরে রাখতে পেরেছেন। কিন্তু ডালমিয়ার এই প্রয়ানের ঘটনা দুই শিবিরের মধ্যে ফের তীক্ততা বৃদ্ধি পাবে।

জেডআই