বিপিএলের সময়সূচীতে আংশিক পরিবর্তন আনা হয়েছে। আগামী সোমবার থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বিপিএলের তৃতীয় আসরের চট্টগ্রাম পর্ব।
ঢাকায় প্রথম পর্ব শেষে চট্টগ্রাম পর্বের ম্যাচে অংশ নিতে ইতিমধ্যে চট্টগ্রাম পৌঁছেছে চিটাগং ভাইকিংস, বরিশাল বুলস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ঢাকা ডায়নামাইটস, রংপুর রাইডার্স দলের ক্রিকেটাররা।
চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা শনিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোমবার থেকে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএলের ম্যাচসমূহের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সোমবার দুপুর ২টায় চিটাগং ভাইকিংস ও বরিশাল বুলসের মধ্যকার ম্যাচ দিয়ে জমজমাট বিপিএলের চট্টগ্রাম পর্বের সূচনা হবে। একই দিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট সুপার স্টার্স।
এরপর ১ ডিসেম্বর দিনের প্রথম ম্যাচে একই সময়ে মুখোমুখি হবে চিটাগং ভাইকিংস ও রংপুর রাইডার্স। দিনের দ্বিতীয় ম্যাচে একই সময়ে মুখোমুখি হবে বরিশাল বুলস ও ঢাকা ডায়নামাইটস।
২ ডিসেম্বর দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে খেলবে ঢাকা ডায়নামাইটস। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে সিলেট সুপার স্টার্স ও চিটাগং ভাইকিংস।
চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ ডিসেম্বর। এদিন দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্স খেলবে বরিশাল বুলসের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগং ভাইকিংস।
অন্যান্য সময়সূচী অপরিবর্তিত থাকবে।
এমকে





