বিশ্ব ফুটবলের বড় তারকা তারা। বেশিরভাগেরই বয়স পেরিয়েছে ত্রিশ। কঠিন বাস্তবতা জানান দিচ্ছে রাশিয়া বিশ্বকাপই হতে পারে মেসি, রোনালদো, ন্যয়ারের মতো তারকাদের শেষ বিশ্বকাপ। রাশিয়া বিশ্বকাপের আগে এমন কিছু তারকার খবর নিয়েই সাজানো হয়েছে আমাদের এবারের আয়োজন।

লিওনেল মেসি। কেউ বলেন ক্ষুদে যাদুকর। কেউ আবার তাকে ডাকেন ভীনগ্রহের ফুটবলার। জন্ম আর্জেন্টিনার রোজারিওতে। ২০০৬ সালে অভিষেক বিশ্বকাপেই দুর্দান্ত নৈপুন্য দেখিয়ে বিশ্বকে জানান দিয়েছিলেন তার আগমণী বার্তা।

আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত ৬১ টি গোল করে দেশটির সর্বোচ্চ গোলদাতা মেসি। তবে, ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে একের পর এক সাফল্য পেলেও এখনও জাতীয় দলকে উপহার দিতে পারেননি বড় কোন শিরোপা।

এবার রাশিয়া হতে পারে মেসির শেষ বিশ্বকাপ। বয়স এখন ৩০। এবার না পারলে হয়ত, আর বিশ্বকাপে দেখা নাও যেতে পারে আর্জেন্টাইন যাদুকরকে।

ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদে খেলা মেসির চিরপ্রতিদ্বন্দ্বী স্টিয়ানো রোনালদো। জাতীয় দলের হয়ে মেসি ব্যর্থ হলেও, সফল পর্তুগিজ রাজপুত্র। ২০১৬ সালে দুর্বল দল নিয়ে পর্তুগালকে উপহার দিয়েছেন ইউরোর শিরোপা। জাতীয় দলের হয়ে ১৪৯ ম্যাচে রোনালদোর গোল ৮১টি। বয়স এবার ৩৩। তাই রোনালদোর জন্য হতে পারে এটি বিশ্বকাপের শেষ মঞ্চ।

বিশ্বকাপে নানা সমালোচনার পাশাপাশি জাতীয় দলের হয়ে অনেক সাফল্যও আছে উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজের। ৩১ বছর বয়সী এ তারকা স্ট্রাইকারের জন্যও রাশিয়া বিশ্বকাপ হতে পারে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।

সুয়ারেজের সঙ্গে বিদায়ী বিশ্বকাপ হতে পারে তার স্বদেশী এডিনসন কাভানিরও।

২০১৪ বিশ্বকাপে জার্মানদের শিরোপা জয়ের পেছনে বড় ভূমিকা ছিলো তার। আসরের সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভ জয়ী ম্যানুয়েল নয়্যারের জন্যও এটি হতে পারে শেষ বিশ্বকাপ।

কলম্বিয়ান তারকা রাদামেল ফ্যালকাওয়ের জন্য রাশিয়া বিশ্বকাপ হতে পারে ক্যারিয়ারের বিদায়ী বিশ্বকাপ।

এসএম