উইম্বলডনের ফাইনালে আরেকবার শীর্ষ তারকা নোভাক জকোভিচের কাছে পরাজিত হয়ে শিরোপা বঞ্চিত হবার পরে সুইস তারকা রজার ফেদেরার বলেছেন এখনই বিদায় জানানোর সময় আসেনি।

শনিবার অল ইংল্যান্ড ক্লাবে ফাইনালে জকোভিচের কাছে ৭-৬ (৭/১), ৬-৭ (১০/১২), ৬-৪, ৬-৩ গেমে পরাজিত হয়ে শিরোপা খুব কাছে গিয়েও আবারো হতাশ হতে হয়েছে ফেদেরারকে। ২০১২ সালে সর্বশেষ তিনি উইম্বলডনের শিরোপা জিতেছিলেন।

গত তিন বছর বড় কোন টুর্নামেন্টের শিরোপার স্বাদ পাননি সুইস নাম্বার ওয়ান। নিজের ফেবারিট এই টুর্নামেন্টে এর আগে আটবার শিরোপা জিতেছেন ফেদেরার। গত বছরও এই জকোভিচের কাছে পরাজিত হয়ে বিদায় নিতে হয়েছিল। তাই এবার সুযোগ ছিল গতবারের প্রতিশোধের।

সর্বশেষ ২২টি গ্র্যান্ড স্ল্যামের মধ্যে মাত্র একটিতে জয়ী হয়েছেন ফেদেরার। আগামী মাসে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন শুরু হবার আগে তিনি ৩৪ বছরে পা রাখতে যাচ্ছেন। আর তাই অনেকেই মনে করেছিল এবারের আসরেই হয়তবা উইম্বলডনকে বিদায় জানাতে যাচ্ছেন ফেড এক্স। ১৭টি গ্র্যান্ড স্ল্যামের সাথে আরো একটি যোগ করার তাই এবার দারুন একটি সুযোগ ছিল তার সামনে। কিন্তু ৩৩ বছর বয়সী সুইস তারকা মনে করেন এখনো তার সামনে অনেক সময় বাকি আছে।

রানার্স-আপ ট্রফি হাতে নেবার পরে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ফেদেরার বলেছেন, ‘আমি বিশ্বের এক নম্বর তারকার বিপক্ষে পরাজিত হয়েছি। এই ধরনের খেলোয়াড়ের বিপক্ষে পরাজিত হওয়াটাই স্বাভাবিক। আমার কাছে মনে হয় এটাই স্বাভাবিক। আমিও তাকে বেশ কয়েকবার পরাজিত করেছি। আমার মত এই সুযোগ খুব কম খেলোয়াড়ই পেয়েছে। আমি মনে করি আজ কোর্টে আমি এর প্রমান দিয়েছি। ম্যাচটা মোটেই একপেশে হয়নি। এমনকি শেষের দিকেও দারুন লড়াই হয়েছে। আমি মনে করি আমি সঠিক পথেই আছি। শিরোপার ক্ষুধা এখনো আমার মধ্যে আছে। এই মুহুর্তে ইনজুরি মুক্ত থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

জেডআই