অবৈধ বোলিং অ্যাকশনের জন্য ২০১৩ সালে প্রথম নিষেধাজ্ঞা পেয়েছিলেন মারলন স্যামুয়েলস। সেই অ্যাকশন পরিবর্তন করে আবারো ক্রিকেটে ফেরেন তিনি। তবে সম্প্রতি একই সমস্যার কারণে ১২ মাসের জন্য বোলিং থেকে নিষিদ্ধ হয়েছেন ক্যারিবীয় বাঁহাতি এই স্পিনার।
চলতি বছরের অক্টোবরে গলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে স্যামুয়েলসের বোলিং নিয়ে সন্দেহ তৈরি হয় আম্পায়ারদের। পরে ব্রিসবেনে আইসিসি’র নিরপেক্ষ পরীক্ষাগারে টেস্ট করালে অবৈধ বোলিং অ্যাকশনে ধরা পড়েন এই অল রাউন্ডারের।
স্যামুয়েলসের বোলিং নিয়ে আইসিসি এক বিবৃতিতে জানায়, ‘ব্রিসবেনে মূল্যায়ন শেষে জানা যায় স্যামুয়েলসের কনুই ১৫ ডিগ্রির বেশি বাঁকা হয়। আর এ জন্যই তার বোলিং অবৈধ বলে প্রমাণিত হয়। সে এখন আইনমতেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে ১২ মাসের জন্য নিষিদ্ধ।’
২০০৮ সালে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্রুত বল করার অভিযোগ ওঠে। পরবর্তীতে তিনি নিষিদ্ধ হলেও নিজের বোলিং শুদ্ধ করে আবারও ২০১১ সালে ফেরেন। ২০১৩ সালে মুম্বাইয়ে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে দ্বিতীয়বারের তার বোলিং নিয়ে প্রশ্ন উঠে। আর চাকিংয়ের জন্য ২০১৫ সালে তৃতীয় কোন বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহিষ্কার হলেন স্যামুয়েলস।

এমএম