চেলসি বস হোসে মরিনহোকে 'বোকা' ও 'পুতুল' বলে তুলোধুনো করেছিলেন ফুটবলার স্যামুয়েল ইতো। সেই মরিনোকে এবার ধন্যবাদ জানালেন তিনি। বুধবার নতুন ক্লাব এভারটনের হয়ে তার পরিচিত পর্ব শেষে ধন্যবাদ জানানোর কথা জানালেন সাবেক চেলসি তারকা।

গত মৌসুমে মরিনহোর অধীনে চেলসির হয়ে খেলেছিলেন ইতো। তখন তার বয়স নিয়ে বাজে মন্তব্য করেছিলেন পর্তুগীজ কোচ। তাতে ক্ষেপে মরিনহোকে নিয়েও বাজে মন্তব্য করেছিলেন তিনি।

তবে এ মৌসুমে আর ব্লু'দের হয়ে খেলছেন না ৩৩ বছর বয়সী ইতো। দুই বছরের জন্য এভারটনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আগামী শনিবার নতুন ক্লাবের হয়ে অভিষেক ম্যাচেই চেলসির বিপক্ষে মাঠে নামবেন ক্যামেরুনের তারকা।

টফিদের হয়ে প্রথম সংবাদ সম্মেলনে ইতো বললেন, "হোসে মরিনহো সম্পর্কে আমি মাত্র একটি কথাই বলতে পারি। তাহলে তাকে ধন্যবাদ দেয়া।"

"তার কারণেই আমি এমন সুযোগ প্রহণ করতে পেরেছি এবং প্রিমিয়ার লিগে খেলতে সুযোগ পাচ্ছি। এজন্য তাকে ধন্যবাদ দিতে চাই।"

নিজের সাবেক ক্লাব নিয়ে ইতো বলেন, "সাবেক ক্লাব নিয়ে আমি ভাবছি না। আমার কাছে গুরুত্বপূর্ণ বিষয় হলো নতুন সতীর্থদের সঙ্গে খেলার ধরণ নিয়ে একীভূত হওয়া এবং আগামী ম্যাচের জন্য প্রস্তুত হওয়া।"

ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেডআই