ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট লীগে পুরুষদের ম্যাচে প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে অংশ নিয়ে আগেই ইতিহাস রচনা করেছেন পেসার কেট ক্রস। এবার বল হাতে রীতিমত তান্ডব চালিয়েছেন তিনি। সেন্ট্রাল ল্যাঙ্কাশায়ার লীগে ইংল্যান্ড জাতীয় মহিলা দলের খেলোয়াড় ক্রস ৮ উইকেট শিকার করেছেন।
২৩ বছর বয়সী ক্রস নিজের অভিষেক ম্যাচেই ১৯ রানে ৩ উইকেট শিকার করে সকলকে তাজ্জব লাগিয়ে দিয়েছিলেন। কিন্তু গতকাল আনসওরথ-এর বিপক্ষে হেউড ক্রিকেট ক্লাবের সেরা একাদশে সুযোগ পান তিনি। ক্রস ৪৭ রানে ৮ উইকেট শিকার করলে প্রতিপক্ষ আনসওরথ মাত্র ১২১ রানেই গুটিয়ে যায়। ম্যাচে ৬ উইকেটে জয় লাভ করে হেউড।
আগামী জুলাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে এ্যাশেজ সিরিজে ইংল্যান্ড আক্রমণের মুখ্য ভূমিকা পালন করতে যাওয়া ক্রস চলতি মৌসুমে হেউডসের হয়ে এ পর্যন্ত ১৪ উইকেট শিকার করেছেন।
এমন কৃত্বিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটার থেকে তার বাবা সকলেই ক্রসের নৈপূণ্যে প্রশংসা করেছেন।
জেডআই





