লিওনেল মেসি থাকলে দল অনেক বেশি শক্তিশালী হয় বলে মানছেন লুইস এনরিকে। তবে সেরা তারকাকে ছাড়া দল যেভাবে মানিয়ে নিয়েছে তাতে খুশি বার্সেলোনা কোচ। বিশেষ করে লুইস সুয়ারেস আর নেইমারের প্রশংসা করেছেন স্প্যানিশ এই কোচ।

নিজেদের মাঠ কাম্প নউতে রোববার স্পেনের লা লিগায় ভিয়ারিয়ালের মুখোমুখি হবে বার্সেলোনা। এই ম্যাচের আগে মেসির চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়া আর দলে তার অভাব বোধের বিষয়ে কথা বলতে হয় এনরিকেকে।

“মেসি থাকলে আমরা বেশি শক্তিশালী। কিন্তু আমাদের দারুণ একটি দল আছে, যারা এগিয়ে এসেছে এবং যাদের অনেক গুণ আছে।”

এর পর নেইমার আর সুয়ারেসের প্রসঙ্গ আনেন বার্সেলোনা কোচ।

“আক্রমণে নেইমার ও সুয়ারেসের কাজ একটা উদাহরণ। কিন্তু আমরা রক্ষণেও অনেক পরিশ্রম করেছি।”

মেসির সেরে ওঠার সময় নিয়ে প্রশ্ন করাতে একটু যেন বিরক্তই হলেন এনরিকে।

“চোট থেকে মেসির সেরে ওঠা ভালোভাবেই এগোচ্ছে। আপনাদের জন্য এটা কি যথেষ্ট? সে কিভাবে সেরে উঠছে, এটা আপনারা ওকেই জিজ্ঞেস করতে পারেন। আমি কারও মুখপাত্র নই।”

এমআর