কোপা ইতালিয়ায় ডার্বি ম্যাচে জুভেন্টাসের কাছে পাত্তাই পায়নি তুরিনো। সিমিওনে জাজার জোড়া গোল আর পাওলো দায়বালা ও পল পগবার একটি করে গোলে তুরিনোকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে উঠেছে তুরিনের ওল্ড লেডি খ্যাত দলটি।

বুধবার রাতে জুভেন্টাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জোড়া গোল করা জাজা অবশ্য লাল কার্ড দেখে মাঠ ছাড়তে পারতেন ম্যাচের শুরুতেই। প্রতিপক্ষের খেলোয়াড়কে মারাত্মক এক ট্যাকল করেও বেঁচে যান এই ইতালিয়ান ফরোয়ার্ড।

পরে ম্যাচের ২৮ মিনিটে সেই জাজাই জুভেন্টাসকে এগিয়ে দেন ১-০ গোলে। দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে নিজের জোড়া গোলে স্বাগতিকদের ব্যবধান দ্বিগুণও করেন জাজাই। তার দুই মিনিট আগে জাজাকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তুরিনোর ক্রিস্টিয়ান মোলিনারো।

দশ জনের দলে পরিণত হওয়া দলটিকে পরে আরো চেপে ধরে জুভেন্টাস। ৭৩ মিনিটে দুর্দান্ত এক শটে লক্ষ্যভেদ করে স্কোরলাইন ৩-০ করেন বদলি হিসেবে মাঠে নামা আর্জেন্টাইন ফরোয়ার্ড দায়বালা। আর ৮২ মিনিটে পগবার করা গোলটি শেষ পর্যন্ত স্বাগতিকদের বড় জয়ই এনে দেয়।

এমএম