চলতি মৌসুমে উজ্জ্বল পারফরম্যান্স করেছেন ইংলিশ ক্লাব লিভারপুলের তারকা লুইস সুয়ারেজ। এই সুবাদে জিতে নিচ্ছেন একের পর এক পুরস্কার। কয়েক দিন আগে পেশাদার ফুটবলারদের সংগঠনের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছিলেন তিনি। এবার ক্রীড়া লেখকদের সংগঠনেরও বর্ষসেরা পুরস্কার জিতলেন এই উরুগুইয়ান স্ট্রাইকার।
২৭ বছর বয়সী এই তারকা প্রিমিয়ার লিগে মৌসুমে ৩০ গোল করেছেন। তার অবদানে ১৯৯০ সালের পর এই প্রথমবারের মতো লিগ শিরোপাটি জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে লিভারপুল।
তিন শ'র বেশি ক্রীড়া সাংবাদিক নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। মর্যাদাবান এই পুরস্কার বিজয়ীকে নির্বাচন করতে তারা ১০ জন খেলোয়াড়কে ভোট দেন। তাদের মধ্যে ৫২ শতাংশ ভোট পেয়ে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন সুয়ারেজ।
দ্বিতীয় হয়েছেন সুয়ারেজের সতীর্থ স্টিভেন জেরার্ড। ম্যানচেস্টার সিটির তারকা ইয়ায়া তোরে তৃতীয় স্থান অর্জন করেছেন।
১৯৪৮ সাল থেকে এই পুরস্কারটি দেয়া হয়। আগামী ১৫ মে লন্ডনে এবারের পুরস্কারটি গ্রহণ করবেন সুয়ারেজ।
ঢাকা, ৫মে (টাইমনিউজবিডি) //জেডআই