লা লিগায় এইবারের বিপক্ষে জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। স্বাগতিকরা ৩-১ ব্যবধানে জয় পেয়েছে এইবারের বিপক্ষে। এই ম্যাচে জয়ের ফলে স্বাগতিকরা সমান পয়েন্ট নিয়ে বার্সেলোনার পাশে অবস্থান করছে।

শনিবার রাতে ভিসেন্তে দেল কালদেরনে মাঠে স্বাগতিক অ্যাটলেটিকো মাদ্রিদ মুখোমুখি হয় এইবারের। ম্যাচের প্রধমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। দ্বিতীয়ার্ধের ৪৬ মিনিটে স্প্যানিশ স্ট্রাইকার কেকোর গোলে দলের লিড নেয় এইবার। তবে অ্যাটলেটিকোর সমতায় ফিরে আসতে বেশি সময় লাগেনি। নয় মিনিট পরেই উরুগুয়ের ডিফেন্ডার হোসে হিমেনেসের গোলে সমতায় ফেরে অ্যাটলেটিকো।

খেলার ৬৩তম মিনিটে লিড নেয় অ্যাটলেটিকো। স্প্যানিশ মিডফিল্ডার সাউলের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় তারা। আর খেলার অতিরিক্ত সময়ে দলের তৃতীয় গোলটি করেন ফের্নান্দো তরেস। তরেস এই গোলের মধ্যে দিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে ব্যক্তিগত শততম গোলের কোটা পূর্ণ করেছেন। খেলা শেষে স্বাগতিকরা ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়েন।

এইবারের বিপক্ষে ম্যাচে জয়ের ফলে অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট এসে দাঁড়িয়েছে ৫১। অন্যদিকে সমান পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছেন বার্সেলোনা। বার্সেলোনা ২১ ম্যাচ খেলে সংগ্রহ করেছে ৫১ পয়েন্ট। আর অ্যাটলেটিকো মাদ্রিদ দুই ম্যাচ বেশি খেলে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। তারা ২২ ম্যাচ খেলে ৪৭ পয়েন্ট সংগ্রহ করেছে।

এমই