দলের অন্যতম সেরা তারকা লুইস সুয়ারেজকে নিয়ে চিন্তায় পড়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। বাঁ-পায়ের হামেস্ট্রিং ইনজুরিতে পড়েছেন উরুগুইয়ান এই তারকা। দলের সঙ্গে গত দু’দিন অনুশীলন করতে পারেননি তিনি। ফলে রোববার লা লিগার ম্যাচে লিভারপুলের সাবেক এই তারকার খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সেমিফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলতে গিয়ে বাঁ-পায়ের ইনজুরিতে পড়েন সুয়ারেজ। ফলে প্রথমার্ধের পর আর মাঠে নামেননি তিনি। তার পরিবর্তে মাঠে নামেন পেদ্রো।
তাই স্প্যানিশ লিগের ৩৭তম রাউন্ডের ম্যাচে অ্যাটলেটিকোর বিপক্ষে অনিশ্চিত সুয়ারেজ। তারপরও ম্যাচের আগেই তাকে সুস্থ করে তুলতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বার্সেলোনা ক্লাবের ফিজিওরা। তবে এখনো নিশ্চিতভাবে কিছ্ইু বলতে পারছেন ফিজিওরা।
চলতি মৌসুমে সব টুর্নামেন্ট মিলিয়ে বার্সেলোনার চারটি ম্যাচ বাকি। এই চারটি ম্যাচই খুব গুরুত্বপূর্ণ। লা লিগার শেষ দুই রাউন্ড, স্প্যানিশ কোপা ডেল’রের ফাইনাল এবং চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। তাই এসময় মেসি-নেইমারের পাশে সুয়ারেজের উপস্থিতি অনেক বেশি গুরুত্বপূর্ণ বার্সার জন্য।
লা লিগায় শেষ দু’টি ম্যাচ হবে ১৭ ও ২৩ মে। আর কোপা ডেল’রের ফাইনাল হবে ৩১ মে এবং চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হবে ৭ জুন।
জেডআই





