দক্ষিণ আমেরিকায় লাতিনদেরই দাপট। ইউরোপের পরাশক্তিরা এখানে শিশু হয়ে যায়। এই মহাদেশে একবারও বিশ্বকাপ জিততে পারেনি ইউরোপের কোনো দেশ। তবে ২০১৪ বিশ্বকাপের গ্রুপ পর্ব অন্য হিসাব দেখাচ্ছে। প্রথম পর্ব শেষে দক্ষিণ আমেরিকার দেশগুলোর চেয়ে ইউরোপের দেশগুলোই বেশি এগিয়ে আছে।

গ্রুপ পর্বের ৩২ দল থেকে ১৬টি দল দ্বিতীয় রাউন্ডে খেলার টিকিট পেয়েছে। এতে দেখা যায় ৫টি দক্ষিণ আমেরিকার দেশ শেষ-১৬তে জায়গা করতে সক্ষম হয়েছে। বিপরীতে ইউরোপের ৬টি দেশ প্রথম রাউন্ডের বাধা পার করেছে।

দক্ষিণ আমেরিকা থেকে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে স্বাগতিক ও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও উরুগুয়ে। একই পথে এগিয়েছে চিলি ও কলম্বিয়া।

এদিয়ে ইউরোপ থেকে নক আউট পর্ব খেলা নিশ্চিত করেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও ফ্রান্স, গত আসরের রানার্স-আপ নেদারল্যান্ডস। এছাড়া রয়েছে বেলজিয়াম, গ্রিস ও সুইজারল্যান্ড।

মধ্য আমেরিকা অঞ্চল থেকে শেষ ১৬তে জায়গা করে নিয়েছে মেক্সিকো ও কোস্টারিকা। উত্তর আমেরিকার প্রতিনিধি যুক্তরাষ্ট্র। আফ্রিকা থেকে এখন স্বপ্ন বাঁচিয়ে রেখেছে নাইজেরিয়া ও আলজেরিয়া। তবে সবচেয়ে বাজে অবস্থা এশিয়ার। এই অঞ্চল থেকে অংশগ্রহণকারী ৫টি দলই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে।

ঢাকা, ২৭ জুন (টাইমনিউজবিডি.কম) // জেডআই