অস্ট্রেলিয়ার ফরোয়ার্ড ম্যাথু লেকি মনে করেন, বুধবার তার দল হল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে আসরের সেরা অঘটনটি ঘটাতে পারবে। বুধবার রাত ১০টায় পোর্তো আলেগোয় ম্যাচটি অনুষ্ঠিত হবে। ডাচ দলটি তাদের গ্রুপ পর্বের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন স্পেনকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে উড়ন্ত সুচনা করেছে।

বিশ্বকাপের শেষ ষোলতে নাম লেখাতে হলে ডাচ দলটির বিপক্ষে জয় ছাড়া বিকল্প কোন পথ খোলা নেই সকারুদের সামনে। কারণ গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তারা চিলির কাছে ৩-১ গোলে পরাজিত হয়েছে। চিলির কাছে প্রথম ১৫ মিনিটেই ০-২ গোলে পিছিয়ে পড়ার পরও সকারুরা নিজেদের জাহির করতে সক্ষম হয়েছে উল্লেখ করে লেকি ডাচদেরকেও কঠিন প্রতিরোধের মুখে ফেলতে পারবেন বলে জানান।

তিনি বলেন,‘ আমি মনে করিনা চিলিরা এরকম একটি কঠিন ম্যাচ প্রত্যাশা করেছিল। আশা করি হল্যান্ডও তাদের এই ম্যাচ থেকে ধারণা নিয়ে নিজেদের আরেকবার পর্যালোচনা করে দেখবেন। আমরা তাদের এমন ভাবে আঘাত করব, যা তারা প্রত্যাশা করেনি। আশা করি যখনই কোন সুযোগ পাব আমরা তাৎক্ষণিকভাবে সেটির সদ্ব্যাবহার করব।’
অসি স্ট্রাইকার বলেন, ‘আমরা আমাদের গেম পরিকল্পনা নিয়েই মাঠে নামব। চিলির বিপক্ষে শেষ ৭০ মিনিট আমরা যেভাবে খেলেছি সেভাবেই ডাচদের বিপক্ষে লড়ব। আশা করি এভাবেই আমরা জয়ের পথ খুঁজে পাব।’
এদিকে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে বিশাল ব্যবধানে হারিয়ে গত বিশ্বকাপের প্রতিশোধ নিয়ে দারুন আত্মবিশ্বাসী হল্যান্ড। দুই তারকা খেলোয়াড় আরিয়েন রোবেন, রবিন ফন পার্সি দু’টি করে গোল করেছেন ওই ম্যাচে। তারপরও তাদের অধিনায়ক ফন পার্সি মনে করেন, অতীত অভিজ্ঞতা বলছে তাদের অতিমাত্রায় আত্মবিশ্বাসী হওয়াটা উচিৎ হবেনা।

 তিনি ফিফা ডট কমকে বলেন, ‘টুর্নামেন্টটি সবে শুরু হয়েছে। আমরা অসাধারণ একটি জয় পেয়েছি। কিন্তু শিরোপার জন্য আমাদের এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। এটি আমার পঞ্চম টুর্ণামেন্ট এবং আমি জানি বিষয়গুলো কিভাবে কাজ করে। এই আনন্দ যত বেশি হয় তত দ্রুতই শেষ হয়ে যায়। তাই আমরা যেটি আর্জন করেছি নিশ্চিতভাবে সেটি ধরে রাখতে হবে। শুধুমাত্র জনগণ ও সমর্থকদের জন্য নয়, নিজেদের জন্য হলেও সেটি করতে হবে।’


ম্যানচেস্টার ইউনাইটেডের এই স্ট্রাইকার মনে করেন, অস্ট্রেলিয়ার জন্য তাদের কোচ লুইস ভ্যান গাল ভিন্ন কর্মপদ্ধতি ঠিক করে রেখেছেন। তিনি বলেন, ‘বিশ্বকাপের শুরুটা দুর্দান্ত হয়েছে এবং আমি মনে করি আমরা বিপুল মানুষকে খুশি করতে পেরেছি। আমি উৎসবে মত্ত বিশ্বের বিভিন্ন দেশের দর্শকের ছবি দেখেছি। এটি আমাদের গর্বিত করেছে।


তবে আমি বলতে চাই সেখান থেকে আমরা প্রথম তিন পয়েন্ট অর্জন করেছি মাত্র। এখন আমাদের দৃষ্টি দিতে হবে অস্ট্রেলিয়ার প্রতি। আমি মনে করি স্পেনের বিপক্ষের ম্যাচের চাইতে এটি হবে ভিন্ন একটি ম্যাচ।
অস্ট্রেলীয়রা ভিন্ন ধাচের ফুটবল খেলে থাকে। আমি মনে করি তাদের হারানোর জন্য আমাদেরকে ওই খেলার সঙ্গে মানিয়ে নিতে হবে।’

ঢাকা, ১৭ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই