জাতীয় নির্বাচনের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) সপ্তম আসরের কিছু ম্যাচ ভারতের বাইরে অনুষ্ঠিত হতে পারে বলে আগেই ধারণা করা হয়েছিল। কেউ কেউ ধারণা করেছিল পুরো আসরই ভারতের বাইরে অনুষ্ঠিত হতে পারে। তবে বুধবার আয়োজকরা জানিয়েছেন পুরো টুর্নামেন্ট নয় কিছু ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে এবং বাংলাদেশে আয়োজন করা হতে পারে।
বুধবার এক বিবৃতিতে আয়োজকরা জানিয়েছেন, দেশের সাধারণ নির্বাচন শুরু হওয়ার একদিন পর ১৬ এপ্রিল শুরু হবে আইপিএল আসর।
আগামী ১২মে পর্যন্ত অনুষ্ঠেয় বিশ্বের সর্ববৃহৎ এ নির্বাচনে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী প্রয়োজন হওয়ায় ক্রিকেট প্রতিযোগিতায় নিরাপত্তা দেয়া সম্ভব নয় বলে ভারত সরকার আইপিএল আয়োজকদের জানিয়ে দিয়েছে।
ফলে আয়োজকরা প্রাথমিক সূচি অনুযায়ী ১৬ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অন্তত প্রথম ১৬ ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করতে চায়। তবে ভেন্যুর বিষয়ে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপ শেষ হওয়ার ১০ দিন পরে শুরু হয়ে ১ জুন ফাইনাল ম্যাচের মাধ্যমে শেষ হবে আইপিএল মৌসুম।
সে ক্ষেত্রে শেষ হওয়া রাজ্যগুলোতে ম্যাচ আয়োজনের অনুরোধ ভারত সরকার প্রত্যাখ্যান করলে ১-১২ মে টুর্নামেন্টের দ্বিতীয় পর্যায়ের ম্যাচগুলো বাংলাদেশে আয়োজন করা হতে পারে।
১২ মে’র পর তৃতীয় পর্যায়ের ম্যাচগুলো ভারতে অনুষ্ঠিত হবে। ভোট গণনা এবং ফল ঘোষণা করা হতে পারে বিবেচনা করে ১৬ মে কোন ম্যাচ অনুষ্ঠিত হবে না।
আয়োজকরা জানিয়েছেন বিস্তারিত সূচি পরে জানানো হবে।
ইতোপুর্বে সাধারণ নির্বাচনের কারণে ২০০৯ সালে আইপিএল-এর পুরো আসরই দক্ষিণ আফ্রিকায় আয়োজন করা হয়েছিল।